লন্ডনে সর্ব ইউরোপীয়ান জাসদ ও যুক্তরাজ্য জাসদের প্রতিবাদ সমাবেশে হাসানুল হক ইনুর রায় প্রত্যাখ্যান

Published: 3 July 2026
লন্ডন, ১ জুলাই ২০২৬: :
বাংলাদেশের প্রবীণ রাজনৈতিক নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী জনাব হাসানুল হক ইনুর বিরুদ্ধে ঘোষিত রায়ের প্রতিবাদে আজ লন্ডনের শহীদ আলতাব আলী পার্কে সর্ব ইউরোপীয়ান জাসদ ও যুক্তরাজ্য জাসদের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা দাবি করেন, জনাব হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রদত্ত বিচার ও রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ন্যায়বিচারের মৌলিক নীতি ও আন্তর্জাতিক বিচারিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা রায় প্রত্যাখ্যান করে দেশি-বিদেশি মানবাধিকার সংস্থা, আন্তর্জাতিক গণমাধ্যম, জাতিসংঘ এবং গণতান্ত্রিক রাষ্ট্রসমূহের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণের আহ্বান জানান।
বক্তারা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ১৯৭৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে কর্নেল আবু তাহেরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং একই সময়ে হাসানুল হক ইনুসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বহু রাজনৈতিক নেতাকে কারাবন্দি করা হয়। তাদের বক্তব্য অনুযায়ী, বর্তমান রায় সেই সময়কার রাজনৈতিক প্রতিহিংসার ধারাবাহিকতাকেই স্মরণ করিয়ে দেয়।
সর্ব ইউরোপীয়ান জাসদের সভাপতি মতিউর রহমান তার বক্তব্যে দাবি করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বাধীন সরকারের অধীনে পরিচালিত রাষ্ট্রব্যবস্থায় International Crimes Tribunal-এ জনাব হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রদত্ত রায় রাজনৈতিকভাবে প্রভাবিত। তিনি অবিলম্বে এই রায় পুনর্বিবেচনা এবং একটি স্বাধীন, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানদণ্ডসম্মত বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য বক্তারা সর্বসম্মতিক্রমে এই রায়কে একটি “ক্যাঙ্গারু কোর্টের রায়” বলে অভিহিত করে প্রত্যাখ্যান করেন। তারা বলেন, বিচার চলাকালে জনাব হাসানুল হক ইনু যে সাহসিকতা, আত্মমর্যাদাবোধ, রাজনৈতিক দৃঢ়তা এবং মহান মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অবিচল অঙ্গীকার প্রদর্শন করেছেন, তা দেশে ও প্রবাসে গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা এবং মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী মানুষের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
বক্তারা দেশ-বিদেশে অবস্থানরত সকল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, গণতন্ত্রকামী মানুষ এবং প্রগতিশীল নাগরিকদের প্রতি ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা, দেশ পুনরুদ্ধার এবং মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণের লক্ষ্যে সক্রিয় হওয়ার আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মুজিবুল হক মনি এবং সঞ্চালনা করেন মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মতিউর রহমান মতিন।
সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম বাবুল, প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় কমিটি, গণতন্ত্রী পার্টি; বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌছ সুলতান, আহ্বায়ক, হৃদয়ে ‘৭১; হরমুজ আলী, সহ-সভাপতি, যুক্তরাজ্য আওয়ামী লীগ; বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান; বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন; বিশিষ্ট লেখক ও সাংবাদিক মতিহার চৌধুরী; মানবাধিকার সংগঠক ড. আনছার আহমদ উল্লাহ; প্রবীণ সাংবাদিক ফরাজী আজমল হোসেন; আলিমুজ্জামান, সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদ; কমিউনিটি নেতা আমিনুল হক জিল্লুর; নুরুল ইসলাম, সভাপতি, যুক্তরাজ্য উদীচী; মিডিয়া ব্যক্তিত্ব মুরছালিন মিজান; যুক্তরাজ্য যুবলীগ নেতা জামাল আহমদ খান; জাসদ নেতা মোহাম্মদ ইকবাল হোসেন; আহমদ হোসেন খান শামীম, সাংগঠনিক সম্পাদক, যুক্তরাজ্য জাসদ; হুমায়ুন কবীর খান, যুক্তরাজ্য জাসদ; এবং মহিলা নেত্রী তাহমিনা  বেগম।
সভায় উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান শানূর, শিক্ষা বিষয়ক সম্পাদক, ইউকে জাসদ; জাসদ নেতা রেজাউল করীম চৌধুরী; মসিউর রহমান সুহেল; মো. মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক, Victim Support International UK; জাসদ নেতা রাহুল চৌধুরী।  মহিমান্বিত তালুকদার, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মী; এবং রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটির আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।