আইআরজিসি’কে নিষিদ্ধ করছে বৃটেন

Published: 13 July 2026

পোস্ট ডেস্ক :


ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার ঘোষণা দিয়েছে বৃটেন সরকার। এই সিদ্ধান্তকে তেহরানের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধির বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সোমবার (১৩ জুলাই) গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এনিয়ে বৃটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোম অফিস) জানায়, ইরানের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ শাখা আইআরজিসির প্রতি যেকোনো ধরনের সমর্থন নিষিদ্ধ করা হবে। দীর্ঘদিনের রাজনৈতিক মতবিরোধের পর সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। আইনি দিক থেকে এটি সরাসরি ‘প্রস্ক্রিপশন’ (সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধকরণ) না হলেও কার্যত একই ধরনের নিষেধাজ্ঞা হিসেবে বিবেচিত হবে।
আইআরজিসির পাশাপাশি ইসলামিক মুভমেন্ট অব দ্য কম্প্যানিয়নস অব দ্য রাইট (আইএমসিআর) এবং রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার আন্তর্জাতিক শাখা রাশিয়ান ফেডারেশন ভলান্টিয়ার কর্পস (জিআরইউ)-কেও নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।

বৃটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানায়, সব তথ্য-প্রমাণ পর্যালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, সংগঠনগুলো বিদেশি শক্তির পক্ষে বৃটেনের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ডে জড়িত বলে বিশ্বাস করার যথেষ্ট ভিত্তি রয়েছে। তাই বৃটেনের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় এসব সংগঠনকে তালিকাভুক্ত করা প্রয়োজন।
বৃটিশ সরকারের দাবি, বৃটেনের মাটিতে সংঘটিত একাধিক হুমকি ও ষড়যন্ত্রের পরিপ্রেক্ষিতে আইআরজিসির বিরুদ্ধে এই পদক্ষেপ নেয়া হয়েছে। এর মধ্যে ইরান ইন্টারন্যাশনাল টেলিভিশনের দুই সাংবাদিককে হত্যার পরিকল্পনার অভিযোগ এবং বৃটিশ বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাইবার হামলার ঘটনাও রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্তের মাধ্যমে আগের কনজারভেটিভ সরকারের অবস্থান থেকে সরে এসেছে বর্তমান সরকার। পূর্ববর্তী সরকার আইআরজিসিকে নিষিদ্ধ না করার সিদ্ধান্ত নিয়েছিল। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে আইআরজিসিকে যেকোনোভাবে সমর্থন করা বৃটেনে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে।Politics

বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যেই এই পদক্ষেপ তেহরান-লন্ডন সম্পর্ককে আরও শীতল করে তুলতে পারে। বৃটিশ কর্মকর্তারা আগেই সতর্ক করেছিলেন, আইআরজিসিকে নিষিদ্ধ করা হলে ইরান তেহরানে নিযুক্ত বৃটেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে পারে।