ম্যানচেস্টার শাহজালাল মসজিদ ও ইসলামিক সেন্টারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Published: 20 July 2026

পোস্ট ডেস্ক :

 

 

 

ম্যানচেস্টার শাহজালাল মসজিদ ও ইসলামিক সেন্টারের বার্ষিক সাধারণ সভা (AGM) রবিবার ১৯ জুলাই, বিকাল ২:০০টায় মসজিদের কনফারেন্স হলে অত্যন্ত সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

সভায় মসজিদের ট্রাস্টি, পরিচালনা কমিটি, সাবেক দায়িত্বশীলবৃন্দ, সম্মানিত সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা, বার্ষিক প্রতিবেদন উপস্থাপন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মসজিদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আনছার উদ্দিন এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আলহাজ এম.এস.এ মালিক সওদাগর।

পবিত্র কুরআনের তিলাওয়াত এবং এর বাংলা ও ইংরেজি অনুবাদ উপস্থাপন করেন মসজিদের ইমাম মাওলানা খায়রুল হুদা খান।

সভায় উপস্থিত ছিলেন মসজিদের ট্রাস্টি আলহাজ আব্দুল মান্নান, আলহাজ রইছ আলী এবং আলহাজ সৈয়দ নজরুল হোসাইন।

এছাড়াও উপস্থিত ছিলেন মসজিদের সাবেক চেয়ারম্যান আলহাজ সুরাবুর রহমান, আলহাজ আশিক মিয়া সিজিল, গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (GMBA) সাবেক চেয়ারম্যান মহিবুর রহমান বাবু, স্থানীয় কাউন্সিলর আহমেদ আলী, মসজিদের ভাইস চেয়ারম্যান গনি চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি শেখ জাফর আহমদ, ট্রেজারার মো. কামরু মিয়া, আলী আসলাম জনি, সৈয়দ খায়রুল ইসলাম টিপু, হেলাল হোসেন, জাহাঙ্গীর আহমদ, ফারুক আহমদ, তাবেদার রসুল বকুলসহ পরিচালনা কমিটির অন্যান্য দায়িত্বশীল সদস্যবৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে গত বছরের সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। পরবর্তীতে সাধারণ সম্পাদকের প্রতিবেদন, কোষাধ্যক্ষের হিসাব-নিকাশ প্রতিবেদন, চেয়ারম্যানের প্রতিবেদন এবং শিক্ষা বিষয়ক প্রতিবেদন উপস্থাপন করা হয়। এসব প্রতিবেদনের ওপর সদস্যরা গঠনমূলক মতামত প্রদান করেন এবং মসজিদের উন্নয়ন, শিক্ষা কার্যক্রম, আর্থিক স্বচ্ছতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

অনুষ্ঠানের সমাপনী পর্বে মসজিদের ইমাম মাওলানা খায়রুল হুদা খান বিশেষ দোয়া পরিচালনা করেন।

তিনি মহান আল্লাহ তাআলার দরবারে মসজিদের সকল খিদমত, ট্রাস্টি, পরিচালনা কমিটি, স্বেচ্ছাসেবক, দাতাগণ এবং সম্মানিত সদস্যদের আন্তরিক প্রচেষ্টা কবুল করার জন্য দোয়া করেন এবং শাহজালাল মসজিদ ও ইসলামিক সেন্টারের সার্বিক উন্নতি, ঐক্য, সমৃদ্ধি ও উত্তরোত্তর সফলতা কামনা করেন।