পশ্চিম তীরে দুই মসজিদে আগুন, গাড়ি ও কৃষিজমিতে হামলা

Published: 26 July 2026

পোস্ট ডেস্ক :


ফিলিস্তিনের কাছ থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীরা দুটি মসজিদে আগুন দিয়েছে। এছাড়া তারা বেশ কয়েকটি গাড়ি এবং কৃষিজমিতেও আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। সর্বশেষ এসব হামলা ঘটেছে তাল গ্রামের কাছে বসতি স্থাপনকারী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষের মাত্র দু’দিন পর। ওই সংঘর্ষে চার ফিলিস্তিনি ও দুই ইসরাইলি নিহত হন। সহিংসতার জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করেছে। সংঘর্ষের পর পশ্চিম তীরের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বর্তমান ইসরাইলি সরকারের কট্টর ডানপন্থি অংশের উৎসাহে উগ্রপন্থি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর সহিংসতা ক্রমাগত বাড়িয়ে চলেছে।

এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, শনিবার দিবাগত রাতে অধিকৃত পশ্চিম তীরের দুটি গ্রামে বসতি স্থাপনকারীরা হামলা চালায়। এ সময় গাড়ি ভাঙচুর করে তারা। বিভিন্ন সম্পদ চুরি করে। দেয়ালে বিদ্বেষমূলক স্লোগান লেখে। কুসরা গ্রামের মেয়র আবদুল আজিম ওয়াদি বলেন, বসতি স্থাপনকারীরা নির্মাণাধীন একটি মসজিদে আগুন ধরিয়ে দেয়। তিনি আরও জানিয়েছেন, মসজিদের দেয়ালে তারা ‘প্রতিশোধ’ শব্দসহ বিভিন্ন স্লোগান লিখে যায়। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, কুসরায় সেনা মোতায়েন করা হয়েছে এবং পুলিশ ঘটনাটির তদন্ত করে প্রমাণ সংগ্রহ করবে।সংবাদ বিশ্লেষণ

ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, পৃথক আরেকটি ঘটনায় বসতি স্থাপনকারীরা কুর গ্রামের আরেকটি মসজিদে আগুন দেয় এবং এর দেয়ালেও বিভিন্ন স্লোগান লিখে যায়। শুক্রবার তালে প্রাণঘাতী সংঘর্ষের পর থেকে পশ্চিম তীরজুড়ে বিভিন্ন ফিলিস্তিনি গ্রামে একাধিক বসতি স্থাপনকারীর হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফিলিস্তিনিরা। অন্যদিকে, ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) তথাকথিত ‘সন্ত্রাসবিরোধী অভিযান’ পরিচালনা করে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে এবং কয়েক ডজন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তালের ঘটনার প্রতিক্রিয়ায় কঠোর পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করেছেন। এর মধ্যে হামলায় জড়িত থাকার অভিযোগে দুই ফিলিস্তিনির বাড়িঘর গুঁড়িয়ে দেয়ার আশঙ্কাও রয়েছে।