বেনজেমার গোলে রিয়ালের রক্ষা
পোস্ট ডেস্ক : আতলেতিকো মাদ্রিদের স্ট্রাইকার লুইস সুয়ারেজের গোলে লম্বা একটা সময় এগিয়ে থাকলেও ম্যাচের ঠিক শেষ সময়ে গোল করেন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার করিম বেনজেমা।

এতে করে রোমাঞ্চ জাগানো মাদ্রিদ ডার্বি শেষ হয়েছে ড্র-তে।
রবিবার রাতে ওয়ান্দা মেত্রোপলিতানোয় লা লিগার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। এ নিয়ে টানা দুই ম্যাচে ড্র করল রিয়াল। শেষ ছয় ম্যাচে তৃতীয়বারের মতো ড্র করলো আতলেতিকো।
মাদ্রিদ ডার্বিতে আক্রমণাত্মক শুরু করলেও গোলের সুযোগ তৈরি করতে পারছিল না আতলেতিকো। রিয়ালের রক্ষণে গিয়ে খেই হারাচ্ছিল তারা।
বার্সেলোনার নতুন সভাপতি হোয়ান লাপোর্তা
১৫ মিনিটে প্রথম ভালো সুযোগেই এগিয়ে যায় পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটি। প্রতি-আক্রমণে নিজেদের অর্ধ থেকে বল পান মার্কোস ইয়োরেন্তে। নাচোর ট্যাকল এড়িয়ে অনেকটা এগিয়ে খুঁজে নেন লুইস সুয়ারেসকে। বল স্পর্শ না করে দৌড়ের মধ্যেই জায়গা করে নিয়ে চমৎকার ফিনিশিংয়ে জাল খুঁজে নেন উরুগুয়ের এই স্ট্রাইকার।
পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে রিয়াল। তবে গোলের বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি হলেও তা ,কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন ফুটবলাররা। শেষ দিকে, অর্থাৎ ৮৮তম মিনিটে গোল করেন বেনজেমা। আসরে তার মোট গোল হলো ১৩টি।
২৫ ম্যাচে ১৮ জয় ও পাঁচ ড্রয়ে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আতলেতিকো।
২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বার্সেলোনা। সমান ম্যাচে রিয়াল ১৬ জয় ও ৬ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে আছে তিনে।




