ইংল্যান্ডের বিশ্বকাপ দল থেকে বাদ ম্যাগুয়ার, পালমার, ফোডেনরা!

Published: 22 May 2026

পোস্ট ডেস্ক :


লক্ষ্য ৬০ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ ট্রফি ঘরে তোলা। আর সেই মহাযজ্ঞে নামার আগেই এক অভাবনীয় ঝড় তুললেন ইংল্যান্ডের কোচ থমাস টুখেল। আজ ঘোষিত ইংল্যান্ডের চূড়ান্ত বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন হ্যারি ম্যাগুয়ের, কোল পালমার, ফিল ফোডেনের মতো মহাতারকারা, যা ফুটবল বিশ্বে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে।

কোচের গুডবুক থেকে ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদের ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডও। তবে সবাইকে চমকে দিয়ে দলে জায়গা করে নিয়েছেন সৌদি আরবের আল-আহলিতে খেলা স্ট্রাইকার ইভান টোনি। ২০২৪ ইউরো ফাইনালে ইংল্যান্ডের রূপকথার নায়ক ফোডেন ও পালমার এবার ক্লাবের হয়ে অফ-ফর্মের চরম মূল্য চুকালেন। বাদ গেছেন লিডস স্ট্রাইকার ডমিনিক কালভার্ট-লুইনও। এদিকে, ক্রিস্টাল প্যালেসের তরুণ অ্যাডাম ওয়ার্টনকে বসিয়ে অভিজ্ঞ জর্ডান হেন্ডারসনকে দলে টেনেছেন টুখেল।

সবচেয়ে বড় ধাক্কাটি খেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ৩৩ বছর বয়সী ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ার। তার দল থেকে বাদ পড়ার গুঞ্জন আগের দিনই ছড়ায় বৃটিশ সংবাদমাধ্যমে। তখন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ উগরে দিয়ে ম্যাগুয়ার লেখেন, ‘আমি স্তব্ধ এবং মানসিকভাবে ভেঙে পড়েছি। এই মৌসুমে নিজের পারফর্মেন্সের পর আমি নিশ্চিত ছিলাম, যে দেশের হয়ে বিশ্বকাপে বড় ভূমিকা রাখতে পারবো।’ ছেলের পোস্টে ম্যাগুয়ারের মা জোয়ি লেখেন, ‘এর চেয়ে বেশি কিছু তুমি করতে পারতে না। নিজের ওপর বিশ্বাস রাখো… ভীষণ হতাশাজনক।’

ম্যাগুয়ারের সঙ্গে দলে জায়গা হয়নি তার রেড ডেভিল সতীর্থ লুক শ’র। বিপরীতে চোটজর্জরিত জন স্টোনসের ওপর বাজি ধরেছেন টুখেল। আগামী ১৭ জুন ডালাসে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে থ্রি-লায়ন্সরা।

গোলকিপার: জর্ডান পিকফোর্ড (এভারটন), ডিন হেন্ডারসন (ক্রিস্টাল প্যালেস), জেমস ট্রাফোর্ড (ম্যান সিটি)

ডিফেন্ডার: রিস জেমস (চেলসি), টিনো লিভরামেন্টো, ড্যান বার্ন (নিউক্যাসল), মার্ক গুয়েহি, জন স্টোনস, নিকো ও’রাইলি (সবাই ম্যান সিটি), এজরি কোনসা (অ্যাস্টন ভিলা), জ্যারেল কোয়ানসাহ (বায়ার লেভারকুসেন), জেড স্পেন্স (টটেনহ্যাম)।

মিডফিল্ডার: ডেকলান রাইস (আর্সেনাল), এলিয়ট অ্যান্ডারসন (নটিংহ্যাম ফরেস্ট), জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ), জর্ডান হেন্ডারসন (ব্রেন্টফোর্ড), কোবি মাইনু (ম্যানচেস্টার ইউনাইটেড), মরগান রজার্স (অ্যাস্টন ভিলা), এবারিচি এজে (আর্সেনাল)

ফরোয়ার্ড: হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ), ইভান টোনি (আল-আহলি), ওলি ওয়াটকিন্স (অ্যাস্টন ভিলা), বুকায়ো সাকা, ননি মাদুয়েকে (আর্সেনাল), মার্কাস রাশফোর্ড (বার্সেলোনা), অ্যান্থনি গর্ডন (নিউক্যাসেল)।