অর্থের আকর্ষণে আইপিএল খেলেন, বাটলারের অকপট স্বীকারোক্তি

Published: 11 March 2021

পোস্ট ডেস্ক : শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) খেলার সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান।

বিষয়টি নিয়ে কড়া সমালোচনা করেছে টাইগার সমর্থকরা। অর্থ লোভে প্রতিবেশি দেশের টুর্নামেন্টকে বেছে নিয়েছেন তিনি, এমন সমালোচনাও শুনতে হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারকে। তবে এই ইস্যুতে কোনো মন্তব্য পাওয়া যায়নি বাংলাদেশ জাতীয় দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারের। এদিক থেকে জস বাটলারকে বাহবা দেয়া যায়। কোনো ভনিতা ছাড়াই মেনে নিলেন মোটা টাকার আকর্ষণেই দেশের খেলা রেখে আইপিএল বেছে নিচ্ছেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ আগামী ২ জুন। আইপিএলের প্লে অফে ওঠা দলগুলোতে থাকবেন যে ইংলিশ ক্রিকেটাররা, তারা নিশ্চিতভাবেই খেলতে পারবেন না লর্ডসের সেই টেস্ট। ইংল্যান্ডের বোর্ডও আগেই তাদের অনুমতি দিয়ে রেখেছে আইপিএল খেলার।

যার কারণে উত্তাল ইংলিশ ক্রিকেটপাড়া।
দেশের খেলা বাদ দিয়ে আইপিএল খেললে বেতন কেটে রাখার পরামর্শ দিয়েছেন ইংলিশ গ্রেট জেফ বয়কট।

দেশের খেলা রেখে আইপিএল বেছে নেয়ার মুখ্য কারণ টাকার ব্যাপারটি কৌশলে আড়াল করে যান অনেক ক্রিকেটার। তবে বাটলারের সুস্পষ্ট বক্তব্য- বিপুল অর্থের হাতছানিতেই আইপিএলের প্রতি তাদের ঝোঁক। তিনি বলেন, ‘আইপিএলের সুবিধাগুলো আমরা সবাই জানি। অনেক বড় টুর্নামেন্ট এটি, আর্থিক পুরষ্কারও অনেক। আরও ইতিবাচক দিক আছে। ইংল্যান্ডের অনেক ক্রিকেটার আইপিএল খেলে নিজেদের পারফরম্যান্সে উন্নতি করছে।’
টেস্ট দলে না থাকার সম্ভাবনা মেনে নিয়ে বাটলার বলেন, ‘হ্যাঁ, এটা হতে পারে (টেস্ট না খেলা)। সূচিটা অনেক কঠিন ও নিখুঁত। এটি সমাধানের কোনো উপায় নেই। ইসিবি ও ক্রিকেটাররা ঘনিষ্ঠভাবে কাজ করছে বিষয়টি নিয়ে।’

আইপিএলের জাকজমকপূর্ণতা স্মরণ করিয়ে বাটলার বলেন, ‘আইপিএলে বিপুল পরিমাণ অর্থ পাওয়া যায়। তা অনেকের জন্যই লাভজনক। অর্থের দিক থেকে এটিই সবচেয়ে বড় টুর্নামেন্ট।’