কোহলিকে বিদ্রুপ করে ভারতীয় পুলিশের পোস্ট ভাইরাল

Published: 13 March 2021

পোস্ট ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে সবশেষ চার ইনিংসে তিনবার শূন্য রানে আউট হয়েছেন ভারতের অধিনায়ক।

প্রায় এক যুগের ক্যারিয়ারে এমন বাজে সময় হয়তো কখনও পার করেননি কোহলি। সবশেষ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ৫ বলে ০ রানে আউট হন কোহলি। চতুর্থ ম্যাচে গিয়ে ভারতের একমাত্র ইনিংসে ৮ বল খেলে আবার ডাক মারেন কোহলি।

একই চিত্র দেখা গেছে সবশেষ শুক্রবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে। সেখানেও রানের খাতা খুলতেই পারেননি কোহলি। ৫ বল খেলেইংল্যান্ডের লেগস্পিনার আদিল রশিদের বলে আউট হন তিনি।

কোহলির এই শূন্য রানে আউট হয়ে যাওয়ার ধারাবাহিকতা নিয়ে হাস্যরসে মেতেছে ভারতের উত্তরখন্ডের পুলিশ।

অনেকের মতে, ব্যাঙ্গাত্মক পোস্ট দিয়ে কোহলিকে রীতিমতো অপমান করেছে তারা।

হেলমেট-প্যাড-গার্ড পরে সুসজ্জিত হয়ে বারবার ব্যাটিংয়ে গিয়ে কোহলির শূন্য রানে ফিরে আসাকে উদাহরণ হিসেবে ব্যবহার করেছে উত্তরখণ্ড পুলিশ। এর মাধ্যমে এক সচেতনামূলক বার্তাও দিয়েছে তারা।

শুক্রবার রাতে টুইটারে কোহলির শূন্য রানে আউট হয়ে ফিরে যাওয়ার ছবি ব্যবহার করে উত্তরখণ্ড পুলিশ লিখেছে, ‘শুধু হেলমেট পরাই যথেষ্ঠ নয়। আপনাকে পূর্ণ সতর্ক থেকে গাড়ি চালানো লাগবে। অন্যথায় আপনিও কোহলির মতো শূন্য রানে আউট হয়ে যাবেন।’

যার অর্থ হলো, হেলমেট পরে গাড়ি চালালেই হবে না, সঙ্গে থাকতে হবে সতর্কতাবোধও। নইলে দুর্ঘটনায় আহত বা নিহত হতে পারেন।

কোহলিকে কটাক্ষ করে পুলিশের সচেতনাবোধের সেই পোস্টটি রীতিমতো ভাইরাল ভারতের নেটদুনিয়ায়। অনেকেই পোস্টটি নিয়ে হাসরসে মেতেছেন।

এরই মধ্যে প্রায় ত্রিশ হাজার মানুষ পছন্দ করেছেন ছবিটি এবং রিটুইট করেছেন সাত হাজারের বেশি মানুষ।

তথ্যসুত্র: টুইটার, ইন্ডিয়ান এক্সপ্রেস