রোনালদোকে ২৯ মিলিয়নেই ছেড়ে দেবে জুভেন্টাস?

Published: 14 March 2021

পোস্ট ডেস্ক : রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে যে চ্যালেঞ্জ নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো এসেছিলেন তার ধারে কাছেও যেতে পারেননি তিনি।

ওল্ড লেডিদের ইউরোপ সেরার ট্রফি এনে দিতে তিন মৌসুম আগে রিয়াল মাদ্রিদ ছেড়েছিলেন সিআরসেভেন। ওই তিন মৌসুমেই হতাশায় যাত্রা শেষ হয়েছে তুরিনের দলটির।

জুভেন্টাস তাই রোনালদোকে ছেড়ে দিতে চায়। দল গড়তে চায় নতুন করে। চাপ কমাতে চায় ক্লাবের আর্থিক খাতের ওপর থেকেও। সেজন্য তারা পর্তুগিজ যুবরাজকে ছেড়ে দিতে পারে বলে কোরেইরে দেল্লে স্পোর্টস তাদের প্রতিবেদনে জানিয়েছে।

সংবাদ মাধ্যমটির মতে, ২৯ মিলিয়ন ইউরো দাম পেলেই সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড এবং রিয়াল মাদ্রিদ তারকাকে ছেড়ে দেবে তারা। রোনালদোর জন্য জুভেন্টাসের প্রতি মৌসুমে গুনতে হয় ৩১ মিলিয়ন ইউরো বেতন। করোনার কারণে আর্থিক চাপে পড়ে যাওয়া ওল্ড লেডিরা ওই চাপ থেকে মুক্তি চায়।

রোনালদো রিয়াল থেকে ইতালির লিগে এসে একটা বড় ধাক্কা দিয়েছিলেন। জুভেন্টাসের আয় বাড়িয়ে দিয়েছিলেন। গুরুত্ব বাড়িয়ে দিয়েছিলেন সিরি আ’ লিগের। তবে জুভ ডিরেক্টররা মনে করছেন, রোনালদোর ওপর এখন আর অর্থ লগ্নি করার মানে হয় না।

রোনালদো অবশ্য তার ক্লাব ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। জুভেন্টাস কোচ পিরলোও জানিয়েছেন, পর্তুগিজ ফরোয়ার্ড তার দলের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু মৌসুম শেষে কথাটা কতটা বহাল থাকবে সেটাই এখন দেখার পালা। এর আগে রোনালদোকে পিএসজি কিনতে আগ্রহী বলে গুঞ্জন ছিল। কিন্তু তারা মেসিকে দলে নিতে চায় বলেও খবর। এখন তাই অপেক্ষা দলবদলের বাজারের দরজা খোলার।