বিসিক ও সিলেট চেম্বারের ৫ দিনব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালার সম্পন্ন

Published: 24 June 2021

সিলেট অফিস :


বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর আওতাধীন ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইন্সটিটিউট (স্কিটি) এর উদ্যোগে এবং বিসিক, সিলেট কার্যালয় ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহযোগিতায় ‘নিজ ব্যবসা শুরুর উপায়’ শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২ টায় চেম্বার কনফারেন্স হলে বিসিক, সিলেট এর ডিজিএম (ভারপ্রাপ্ত) ম. সুহেল হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা।

প্রধান অতিথির বক্তব্যে চন্দন সাহা বলেন, নতুন উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার এ বিষয়কে জোর দিয়ে বিভিন্ন কর্মসূচী পরিচালনা করছেন। সিলেট চেম্বারও নিজস্ব অবস্থান থেকে নবীন উদ্যোক্তাদের যথাসম্ভব সহযোগিতা করে যাচ্ছে। তিনি বলেন ৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালাকে নতুন উদ্যোক্তাগণ ব্যবসা-বাণিজ্যের অনেক খুঁটিনাটি বিষয় জানতে পেরেছেন। এ অর্জিত জ্ঞানটুকু উদ্যোক্তারা স্ব-স্ব ক্ষেত্রে কাজে লাগালে আমাদের প্রচেষ্টা স্বার্থক হবে। তিনি সিলেট চেম্বারের সাথে এরকম প্রশিক্ষণ আয়োজন অব্যাহত রাখার জন্য বিসিক কর্তৃপক্ষকে আহবান জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিসিক, সিলেট এর ডিজিএম (ভারপ্রাপ্ত) ম. সুহেল হাওলাদার বলেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) নতুন উদ্যোক্তা তৈরীতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি ‘নিজ ব্যবসা শুরুর উপায়’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য সিলেট চেম্বারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রশিক্ষণ গ্রহণ করে বসে থাকলে হবে না, এ থেকে অর্জিত অভিজ্ঞতাকে কর্মক্ষেত্রে কাজে লাগাতে হবে। তিনি নতুন উদ্যোক্তাদের যেকোন প্রয়োজনে বিসিক, সিলেট কার্যালয়ের সাথে যোগাযোগের আহবান জানান। অনুষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণকারী ২৫ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কর্মশালার প্রশিক্ষক জনায়েত হোসেন, জুবায়ের আহমদ, সিলেট চেম্বারের যুগ্ম সচিব নুরানী জাহান কলি, সহ-সচিব সানু উদ্দিন রুবেল, অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও প্রশিক্ষণার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট চেম্বারের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মিনতি দেবী।