নেইমার-এমবাপ্পের সঙ্গে জুটি বাধতে মুখিয়ে মেসি

Published: 11 August 2021

পোস্ট ডেস্ক :


নেইমার ও কিলিয়ান এমবাপ্পে আগে থেকেই রয়েছেন পিএসজিতে। তাদের সঙ্গে জুটি বেধে লড়াই করতে দেখা যাবে লিওনেল মেসিকে। মঙ্গলবার পিএসজির সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন মেসি। পিএসজির ফুটবলার হিসেবে প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন তিনি। সেখানে জানিয়েছেন পিএসজিকে নিয়ে নিজের স্বপ্নে কথা।

দুই বছরের চুক্তিতে পিএসজিতে খেলবেন মেসি। সুযোগ রয়েছে আরো এক বছর চুক্তির মেয়াদ বাড়ানোর। সংবাদ সম্মেলনে মেসি বলেন, ‘আমি এখানে আসতে পেরে খুবই খুশি। পিএসজি ও আমার লক্ষ্য একই।

আমরা শিরোপার জন্য লড়াই করি। এখানে এসেছি শিরোপা জিততে। আশা করছি আমরা সফল হবো। আমি মাত্রই ছুটি কাটিয়ে ফিরেছি। মাঠে কবে নামতে পারবো নিশ্চিত নই। নেইমার ও কিলিয়ান এমবাপ্পের মতো অসাধারণ খেলোয়াড়দের সঙ্গে মাঠে নামতে মুখিয়ে আছি। তাদের মতো দুর্দান্ত খেলোয়াড়দের সঙ্গে প্রতিদিন মাঠে নামবো এই অনুভূতি সত্যিই দারুণ।’