চ্যাম্পিয়নস লীগের গ্রুপপর্বে মুখোমুখি মেসি-রোনালদো?
পোস্ট ডেস্ক :

অফিসিয়াল ঘোষণা আসেনি। তবে ক্রিস্টিয়ানো রোনালদো যে ম্যানচেস্টার সিটিতে যোগ দিচ্ছেন তা মোটামুটি নিশ্চিত। আর তাই-ই যদি হয়, তবে চ্যাম্পিয়নস লীগের গ্রুপপর্বেই দেখা যাবে মেসি-রোনালদোর ধুন্ধুমার লড়াই। ইউরোপিয়ান ফুটবলের সেরা মঞ্চে শুরুতেই মুখোমুখি হবে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও ম্যান সিটি।
পিএসজির জন্য উপলক্ষটা অবশ্য পুরনো হিসাব মেটানোরই। গত মৌসুমে পেপ গার্দিওলার দলের কাছেই সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছিল প্যারিস জায়ান্টরা। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে ফাইনালে পৌঁছে সিটিজেনরা। এবার গ্রুপ পর্বেই সেই হারের প্রতিশোধ নেয়ার সুযোগ মাউরিসিও পচেত্তিনোর দলের।
লিওনেল মেসির-ক্রিস্টিয়ানো রোনালদোর সম্ভাব্য দ্বৈরথ যে ম্যাচটিতে বাড়তি রোমাঞ্চ সৃষ্টি করবে তা বলার অপেক্ষা রাখে না। সবচেয়ে অভাবনীয় লড়াই হতে পারে রোনালদো-রামোসের মধ্যে। সাবেক সতীর্থের বিপক্ষে লড়তে হবে স্প্যানিশ ডিফেন্ডারকে, তাও আবার মেসির সঙ্গে কাঁধ মিলিয়ে! তাছাড়া প্রিয় গুরু পেপ গার্দিওলার বিপক্ষেও নামতে হবে মেসিকে।
অন্যদিকে মেসির সাবেক ক্লাব বার্সেলোনার সামনে পুরনো শত্রু বায়ার্ন মিউনিখ।
২০১৯-২০ মৌসুমের কোয়ার্টার ফাইনালে বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের কাছে ৮-২ গোলের লজ্জাজনক হার পেয়েছিল কাতালানরা। এবার গ্রুপ পর্বেই সেই হারের প্রতিশোধ নেয়ার সুযোগ রোনাল্ড কোম্যানের দলের।
চ্যাম্পিয়নস লীগের আটটি গ্রুপের মধ্যে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ পেয়েছে গ্রুপ ‘বি’র দলগুলো। গ্রুপটিতে অ্যাটলেটিকো মাদ্রিদ, পোর্তো, লিভারপুলের সঙ্গে রয়েছে এসি মিলান। তাছাড়া রিয়াল মাদ্রিদের গ্রুপে রয়েছে ইন্টার মিলান। জুভেন্টাস মুখোমুখি হবে চেলসির। গতবার কোয়ার্টার ফাইনাল খেলা বরুশিয়া ডর্টমুন্ডের গ্রুপে রয়েছে আয়াক্স।
চ্যাম্পিয়নস লীগের আট গ্রুপ:
গ্রুপ ‘এ’: ম্যানচেস্টার সিটি, পিএসজি, লাইপজিগ, ব্রুগা।
গ্রুপ ‘বি’: অ্যাটলেটিকো মাদ্রিদ, লিভারপুল, পোর্তো, এসি মিলান।
গ্রুপ ‘সি’: স্পোর্টিং লিসবন, বরুশিয়া ডর্টমুন্ড, আয়াক্স, বেসিকতাস।
গ্রুপ ‘ডি’: ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, শাখতার দানেস্ক, শেরিফ।
গ্রুপ ‘ই’: বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, বেনফিকা, দিনামো কিয়েভ।
গ্রুপ ‘এফ’: ভিয়ারিয়াল, ম্যানচেস্টার ইউনাইটেড, আতালান্তা, ইয়ং বয়েজ।
গ্রুপ ‘জি’: লিল, সেভিয়া, সলসবুর্গ, ভলফসবুর্গ।
গ্রুপ ‘এইচ’: চেলসি, জুভেন্টাস, জেনিত, মালমো।




