আত্রাইয়ে নিখোঁজ নবদম্পতির মরদেহ উদ্ধার
বিশেষ সংবাদদাতা :

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে নিখোঁজের ১৮ ঘণ্টা পর নবদম্পতির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ সকাল সাড়ে ৯টায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর খেয়াঘাট এলাকায় তারা নিখোঁজ হন। উদ্ধার দম্পতি হলেন-দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সদরের পুরাতন জেলখানা এলাকায় পারভেজ হোসেন (২২) ও তার স্ত্রী মিনি আকতার সোমা (১৮)।
রাত ৮টা পর্যন্ত নিখোঁজ দম্পতির সন্ধান না পাওয়ায় আজকের মত উদ্ধার অভিযান সমাপ্ত ষোষণা করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, নিখোঁজ এই দম্পতির বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা সদরের পুরাতন জেলখানা এলাকায়। তারা উপজেলার রামচন্দ্রপুর গ্রামে নিখোঁজ দম্পতির আত্মীয়( সোমার ভগ্নিপতি) রেজাউল ইসলামের বাড়িতে শনিবার বেড়াতে আসেন। বেলা ১১টায় আত্রাই নদীর রামচন্দ্রপুর খেয়াঘাট এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হন।
মহাদেবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আমিনুল ইসলাম জানান, স্টেশনে ডুবুরি দল না থাকায় ফায়ার সার্ভিসের রাজশাহীর ডুবুরি দলকে খবর দেয়া হয়। বিকেল পাঁচ টার দিকে ডুবুরির দল ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধার কাজ শুরু করেছে ।
তবে রাত ৮টা পর্যন্ত নিখোঁজ দম্পতির কোন সন্ধান পাওয়া যায়নি । রাত হবার কারণে আজ রোববার উদ্ধার বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮টা থেকে আবারও উদ্ধার কাজ শুরু হয়। সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার দূরে রামচন্দ্রপুর এলাকায় পাশাপাশি মরদেহ দুটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গৃহবধূ মিনি অন্তঃসত্ত্বা ছিলেন বলে তার পরিবার জানিয়েছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।




