রোনালদোকে দেখতে গিয়ে এক সপ্তাহ কলা খেয়ে কাটিয়েছেন এমবাপ্পে
পোস্ট ডেস্ক :

অবশেষে বাজারে এল জ’মাপেল কিলিয়ান। আত্মজীবনীমূলক এই কমিকসে নিজের বেড়ে ওঠার গল্প বলেছেন কিলিয়ান এমবাপ্পে। ‘আমার নাম কিলিয়ান’—নামের এ বইটির বেশ কিছু পৃষ্ঠা এর মাঝেই দেখে ফেলেছেন ফুটবল–ভক্তরা। তবে আনুষ্ঠানিকভাবে কালই বাজারে এসেছে জ’মাপেল কিলিয়ান। প্যারিসে বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এসে নিজের সম্পর্কে আরেকটি তথ্যও জানিয়েছেন এমবাপ্পে।
১৪ বছর বয়সে রিয়াল মাদ্রিদের একাডেমি দেখতে গিয়েছিলেন এমবাপ্পে। কিশোর এই প্রতিভাকে রিয়াল ওই বয়সেই পেতে চেয়েছিল। রিয়াল মাদ্রিদের একাডেমি ভালদেবেবাসে থাকার পুরো সময়টা নাকি কলা খেয়ে কাটিয়েছেন এমবাপ্পে।
বড় তারকাদের দলে টানা অনেক ঝক্কির কাজ। বর্তমান ক্লাবকে দলবদলের অঙ্ক দিতে হয়। খেলোয়াড় এজেন্ট ও খেলোয়াড়কে বেশ বড় অঙ্কের বোনাস দিতে হয়, আর দলের অন্য তারকাদের সঙ্গে কীভাবে তাঁরা মানিয়ে নেবেন, সেসব ভাবতে হয়। এর চেয়ে তরুণ অবস্থায় প্রতিভাবান খেলোয়াড় টেনে আনাটাই সুবিধাজনক। ১৫ বছর বয়সী মার্টিন ওডেগার্ড যেমন ইউরোপজুড়ে বহু একাডেমি ঘুরে পরে রিয়ালে থিতু হয়েছিলেন।
১৪ বছর বয়সে নেইমারও এভাবে ট্রায়াল দিয়েছিলেন মাদ্রিদের ক্লাবে। দুই সপ্তাহের ট্রায়াল শেষে নেইমারকে পেতেও চেয়েছিল রিয়াল। কিন্তু তাঁর বাবা আর্থিক চাহিদা পূরণ না করায় আর রিয়ালে যাওয়া হয়নি নেইমারের। নেইমারের মতোই এমবাপ্পেকেও ১৪ বছর বয়সে নিজেদের একাডেমি ঘুরিয়ে দেখিয়েছিল রিয়াল। তবে এমবাপ্পের ক্ষেত্রে রিয়াল কতটা আগ্রহী ছিল সেটা টের পাওয়া গেছে অন্যভাবে। এই কিশোরকে রাজি করতে তাঁর দুই আদর্শ জিনেদিন জিদান ও ক্রিস্টিয়ানো রোনালদোকে ব্যবহার করেছিল রিয়াল।




