রোনালদোর আগমনে যে ক্ষতি হয়েছিল জুভেন্টাসের

Published: 28 December 2021

পোস্ট ডেস্ক :


২০১৮ সালে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন। আর তারপর জুভের হয়ে ১৩৫ ম্যাচে ১০১টি গোল করেছেন রোনালদো, দুইবার জিতেছেন সিরি আ’র শিরোপা। কিন্তু রোনালদো থাকাকালীন তিন বছরে জুভেন্টাস চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল পর্ব পেরোতে পারেনি। এবার রোনালদোর জুভেন্টাসে খেলা নিয়ে চাঞ্চল্যকর বার্তা দিলেন অভিজ্ঞ গোলরক্ষক জিয়ানলুইজি বুফন।

বুফন মনে করেন, রোনালদোর আগমনে জুভেন্টাস তার স্বত্ত্বা হারিয়েছিল। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে বুফন বলেন, ‘জুভেন্টাসের কাছে চ্যাম্পিয়ন্স লিগ জেতার সুযোগ ছিল যখন প্রথম বছর রোনালদো এসেছিল, সে বছর আমি প্যারিস সেইন্ট জার্মেইনে ছিলাম। আর আমি বুঝতে পারিনি কী হয়েছিল। যখন আমি জুভেন্টাসে ফিরে আসি, আমি দুই বছর রোনালদোর সঙ্গে কাজ করেছি এবং আমরা একসাথে ভালোভাবে বনে গিয়েছিলাম। কিন্তু আমার মনে হয়েছিল রোনালদোর কারণে জুভেন্টাস তার স্বত্ত্বা হারিয়েছিল, ঐক্যবদ্ধ হওয়ার ডিএনএ হারিয়েছিল তারা।’

তিনি আরো বলেন, ‘আমরা ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পৌঁছেছিলাম কারণ আমাদের দলে অভিজ্ঞতা ভরপুর ছিল, কিন্তু সবার উপরে আমরা একটি ঐক্যবদ্ধ দল ছিলাম এবং সেই দলে জায়গা পাওয়ার জন্য ব্যাপক প্রতিযোগিতা ছিল। রোনালদোর আগমণে আমরা সেটি হারিয়েছিলাম।’

২০১৮-১৯ মৌসুমে প্যারিস সেইন্ট জার্মেইনে যাওয়া বাদ দিলে দুই দশক বুফন জুভেন্টাসের হয়ে খেলেছেন, জিতেছেন ১০টি সিরি আ শিরোপা। বর্তমানে নিজের প্রথম ক্লাব পারমায় ফিরেছেন বুফন। অন্যদিকে, চলতি মৌসুমে শুরুতে জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে আসেন ক্রিশ্চিয়ানো রোনালদো।