ক্যান্সারাক্রান্ত তিন বছরের পোলিনা খারকিভে আটকা পড়েছে, ওষুধ ফুরিয়ে আসছে

Published: 2 March 2022

পোস্ট ডেস্ক :


ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ। দেশের উত্তরপূর্বের এই শহরটিতে প্রায় ১৫ লাখ মানুষের বাস। মূলত রুশ ভাষাভাষী শহর খারকিভ এখন জাহান্নামের আগুনে জ্বলছে।

রাশিয়া কর্তৃক প্রবল আক্রমণের পর খারকিভ এখন পতনের দ্বারপ্রান্তে রয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে। শহরটিতে আকাশ থেকে নেমে আসছে রাশিয়ার প্যারাট্রুপারসরা।

এই খারকিভেরই ছোট্ট শিশু পোলিনা। পোলিনার বয়স মাত্র ৩ বছর। ইউক্রেনে রাশিয়ান বাহিনীর উপর্যুপরি হামলায় পোলিনা এবং তার পরিবার খারকিভে আটকা পড়েছে।

খেলাধুলা করে আর ঘুমিয়েই এখন দিন কাটছে পোলিনার। তার মা মনে করে, সেটাই তার জন্য নিরাপদ।

পোলিনা ক্যান্সারে আক্রান্ত। তার ওষুধ ফুরিয়ে আসছে। কিন্তু, বাইরে ভারী গোলাগুলির কারণে বাড়ি থেকে বের হওয়া যাচ্ছে না। পোলিনার মা পাগল হয়ে যাচ্ছেন।

বিবিসির পূর্ব ইউরোপের প্রতিনিধি সারাহ রেইন্সফোর্ড পোলিনাকে নিয়ে এসব তথ্য নিশ্চিত করে টুইটারে পোস্ট করলে সেটি ভাইরাল হয়ে পড়ে। পোলিনার জন্য সমবেদনা জানাচ্ছেন বিশ্বের নানা প্রান্তের মানুষ।

এডওর্য়াড নামে একজন মন্তব্য করেছেনঃ প্লিজ, ‘গড’ নামে কেউ যদি থাকো পোলিনাকে সাহায্য করো। মরিস মর্গান লিখেছেনঃ এই পাগলামি বন্ধ করা হোক। পোলিনা ও তার পরিবারের জন্য আমাদের ভালোবাসা আর সমবেদনা।