রাশিয়ায় যুদ্ধবিরোধী বক্তব্য দেয়ায় গ্রেপ্তার ধর্মযাজক

Published: 7 March 2022

পোস্ট ডেস্ক :


যুদ্ধবিরোধী বক্তব্য দেয়ায় এক খ্রিস্টান ধর্মযাজককে গ্রেপ্তার করেছে রাশিয়া। রোববার তাকে গ্রেপ্তারের পর সোমবার তাকে আদালতে হাজির করা হয়। বিবিসি রাশিয়ার সাংবাদিক অ্যান্দ্রে জাখারোভ জানান, গ্রেপ্তার হওয়া ওই ধর্মযাজকের নাম ফাদার ইয়োন বুরদিন। তিনি কারাবানোভো নামক এক গ্রামে আয়োজন করা ছোট একটি ধর্মসভায় যুদ্ধবিরোধী বক্তব্য দিয়েছিলেন। এরপরই তাকে সেখান থেকে গ্রেপ্তার করে রুশ পুলিশ।

জানা গেছে, তিনি তার বক্তব্যে ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধের সমালোচনা করেছেন। স্থানীয়দের কাছে ইউক্রেনের শহরগুলোতে যে হামলা হচ্ছে তার বর্ননা দিচ্ছিলেন তিনি। এছাড়া সকলের মধ্যে যুদ্ধবিরতি আদর্শ প্রচার করছিলেন তিনি। এজন্য তার বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর সম্মানহানীর অভিযোগ আনা হয়েছে।

গত সপ্তাহেই এই আইন পাস করা হয় দেশটিতে।

বিবিসি জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়ায় গণগ্রেপ্তার চলছে। যারাই যুদ্ধের সমালোচনা করছেন, বিক্ষোভ করছেন তাদেরকেই আটক করা হচ্ছে। প্রতিদিনই শিশু থেকে বৃদ্ধ হাজার হাজার মানুষ আটক হচ্ছেন। এরপরেও দেশটির শহরগুলোতে যুদ্ধবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ১৩ হাজারের বেশি মানুষকে বিক্ষোভে যোগ দেয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। এরমধ্যে শুধু রোববারই গ্রেপ্তার হয়েছেন ৪ হাজার ৬০০ জন।