ইউক্রেনযুদ্ধের জেরে প্রায় প্রতি সেকেন্ডে একটি করে শিশু উদ্বাস্তু হচ্ছে : ইউনিসেফ
পোস্ট ডেস্ক :

ইউক্রেনে প্রতি সেকেন্ডে প্রায় একজন করে শিশু শরণার্থীতে পরিণত হচ্ছে। জাতিসংঘের মানবতাবাদীরা বলেছেন যে, রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন দেশ থেকে পালিয়ে আসা মোট লোকের সংখ্যা তিন মিলিয়ন অতিক্রম করেছে। এই লোকদের মধ্যে প্রায় ১ লক্ষ ৫৭ হাজার মানুষ তৃতীয়-দেশের নাগরিক। জেনেভায় একথা জানান ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (IOM) এর মুখপাত্র পল ডিলন। ২৪ ফেব্রুয়ারি রাশিয়ান আক্রমণ শুরু হওয়ার পর থেকে প্রায় ১.৫ মিলিয়ন শিশু ইউক্রেন পরিত্যাগ করেছে। যার অর্থ প্রতি সেকেন্ডে একজন করে শিশু দেশত্যাগ করে যাচ্ছে। ”গত ২০ দিনে ইউক্রেনে ৭০ হাজারেরও বেশি শিশু উদ্বাস্তু হয়েছে। যার অর্থ প্রতি মিনিটে ৫৫ টি শিশু দেশ ছেড়ে পালিয়েছে।” বলেছেন জাতিসংঘের শিশু তহবিলের মুখপাত্র জেমস এল্ডার।
বাড়ছে পাচারের ভয়
ইউক্রেনে নিরবচ্ছিন্ন সহিংসতা থেকে পালিয়ে আসা ১০ জনের মধ্যে নয়জন নারী এবং একজন শিশু।
এবিষয়ে জাতিসংঘের শিশু তহবিলের মুখপাত্র জেমস এল্ডার সতর্ক করে দিয়ে বলেছেন যে, অল্পবয়সীরাই পাচারকারীদের হাতে পড়ে কারণ তারা অপরিচিত নতুন পরিবেশে এসে প্রথমে কিছু বুঝতে পারে না । ইউক্রেন সীমান্তের কাছে প্রতিদিন এখন হাজার হাজার লোক বাস নয়তো মিনিবাসের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছেন। অনেকেই উদারতা দেখাতে তাঁদের দিকে এগিয়ে আসছেন। কিন্তু আদপে এদের মতলব যে ইউরোপে শিশু এবং নারী পাচার তা বলে দেবার অপেক্ষা রাখে না। এমনি আশংকার কথা শুনিয়েছেন জেমস এল্ডার। জাতিসংঘের মহাসচিব সোমবার বলেছেন, বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে রাশিয়ার সামরিক আক্রমণ ভয়াবহ জায়গায় পৌঁছেছে।
আতঙ্কের মারিউপোল
মানবতাবাদীরা সতর্ক করে দিয়েছিলেন যে, রাশিয়ার আরও ভারী বোমা হামলার পর মারিউপোলে বন্দর শহরের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। রাশিয়ান বাহিনী দ্বারা অবরুদ্ধ শহর ছেড়ে পালাতে অক্ষম হওয়ায় সেখানকার হাজার হাজার মানুষ খাবারের অভাবে ছটফট করছেন। ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস (ICRC) পরিস্থিতিটিকে ভয়াবহ বলে বর্ণনা করেছে। সংস্থার মুখপাত্র ইওয়ান ওয়াটসন বলেছেন , হাজার হাজার মানুষ সেখানে কোনোরকম সাহায্য ছাড়াই দিন কাটাচ্ছেন। ফলে তাদের সামনে একটা দমবন্ধ করা পরিস্থিতি তৈরি হয়েছে। কিছু যানবাহন শহর থেকে লোকজনদের নিয়ে যেতে রওনা দিলেও তা আসলে সমুদ্রের মধ্যে একটি জলকণার মতোই। মিঃ ওয়াটসন ইউক্রেনীয় এবং রাশিয়ান কর্তৃপক্ষকে একটি সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন। কারণ মারিউপোল শহরের বুকে খাদ্য এবং পানির জন্য বাসিন্দাদের মধ্যে রীতিমত মারামারি শুরু হয়েছে। ICRC মুখপাত্র জানিয়েছেন যে, সংস্থাটি মঙ্গলবার অবরুদ্ধ উত্তর-পূর্ব শহর সুমি থেকে ৩০ টি বাস ব্যবহার করে লোকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে।
জাতিসংঘ সহায়তা বাড়াচ্ছে
দেশজুড়ে জাতিসংঘের মানবতাবাদীরা যেখানে যেখানে তাদের অ্যাক্সেস আছে সেখানে জীবন রক্ষাকারী সহায়তা প্রদান করছেন। কিন্তু ইউনিসেফ-এর মিঃ এল্ডার রিপোর্ট করেছেন, “ মুহুর্মুহু আক্রমণ এবং বিশেষ করে পানিকে লক্ষ্যবস্তু বানানোর জেরে পরিষেবা প্রদান বাধাগ্রস্থ হচ্ছে ।”একটু পানির জন্য হাহাকার পড়ে গেছে শহরগুলিতে।




