বেলজিয়ামে প্যারেডে গাড়ির তাণ্ডব, নিহত অন্তত ৬

Published: 21 March 2022

পোস্ট ডেস্ক :


বেলজিয়ামের শহর স্টেপি ব্র্যাকেগনিসের কার্নিভাল প্যারেডে একটি গাড়ি অন্তত ৬ জনকে পিষে দিয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২৬ জন। এর মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। রোববার যখন সবাই প্যারেডে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছিল তখনই এই দুর্ঘটনাটি ঘটে। এ খবর দিয়েছে ডয়চে ভেলে।
খবরে জানানো হয়, প্রতি বছরই এই প্যারেডের আয়োজন করা হয়। স্থানীয় সময় ভোর পাঁচটায় এই ঘটনা ঘটে। তবে স্থানীয় মেয়র জানিয়েছেন, এখনো পর্যন্ত এটাকে সন্ত্রাসী হামলা বলে মনে হচ্ছে না। গাড়ির চালক ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা ওই এলাকারই মানুষ। পুলিশ তাদের আগে থেকে চিনত না।
আহতদের কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, চারজন আইসিইউ-তে ভর্তি। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা প্রচণ্ড একটা শব্দ শুনতে পান। তারপর দেখা যায় কিছু মানুষের উপর একটা গাড়ি আছড়ে পড়েছে।