লিবিয়ায় নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা

Published: 3 November 2023

পোস্ট ডেস্ক :


তুচ্ছ ঘটনায় লিবিয়ায় জগদীশ চন্দ্র দাস (৩৬) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে এক অস্ত্রধারী।

তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের সাহাজীরহাট দাসপাড়ার গোকুল চন্দ্র দাসের ছেলে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ আলম রিগান।

এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে লিবিয়ায় সাফা এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়। হত্যার পর তার টাকাপয়সা ও মালামাল লুট করে নিয়ে যায়।

গোকুল চন্দ্র দাস জানান, জগদীশ ছয় বছর আগে জীবিকার তাগিদে লিবিয়ায় সাফা এলাকায় পাড়ি জমায়। সে এক সন্তানের জনক। সেখানে সে সবজির বাগান ও নার্সারিতে বিভিন্ন ফল-ফুলের গাছ চাষ করত। কয়েক দিন আগে মালিকের ভাতিজার ছাগলের পাল জগদীশের নার্সারির প্রচুর গাছ নষ্ট করে। এ নিয়ে সে যে মালিকের অধীনে কাজ করে তার ভাতিজাকে একাধিকবার অভিযোগ করে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার দুপুরের দিকে মালিকের ভাতিজা তার কয়েকটি ছাগল খুঁজে পাচ্ছে না বলে অভিযোগ তুলে। জগদীশ দুপুরের খাবার খাওয়ার সময় মালিকের ভাতিজা আকস্মিক এসে তাকে গুলি চালিয়ে হত্যা করে।

গোকুল বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে লিবিয়ায় থাকা আমার ছোট ছেলে সন্তোষ মোবাইল ফোনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ বলেন, বিষয়টি আমাদের অবহিত করা হয়নি। তবে নিহতের পরিবার অফিসিয়ালি সহযোগিতা চাইলে আমরা সব ধরনের সহযোগিতা করব।