বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা

Published: 19 April 2026

পোস্ট ডেস্ক :


অ্যামোনিয়া সংকটের কারণে বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) সার উৎপাদনকারী কারখানার কার্যক্রম। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় অবস্থিত কারখানাটির অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে উৎপাদন বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) ও বিভাগীয় প্রধান (প্রশাসন) আলমগীর জলিল।

কারখানা সূত্র জানায়, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়।

প্রতিষ্ঠার পর থেকেই ডিএপি কারখানাটি এই দুই প্রতিষ্ঠান থেকেই অ্যামোনিয়া সংগ্রহ করে আসছিল। ফলে ওই দুটি কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের কাঁচামাল সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে।
সংকট মোকাবিলায় মজুদ অ্যামোনিয়া দিয়ে কিছুদিন উৎপাদন চালু রাখা হলেও শেষ পর্যন্ত তা ফুরিয়ে গেলে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) নিয়ন্ত্রিত এই কারখানাটি দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

২০০৬ সাল থেকে বাণিজ্যিক উৎপাদনে থাকা কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন দুটি ইউনিট রয়েছে।
কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালু রাখা হয়েছিল, তবে বর্তমানে তা শেষ হয়ে গেছে। নতুন করে অ্যামোনিয়া সরবরাহ শুরু না হলে উৎপাদন পুনরায় চালু করা সম্ভব নয়।

এদিকে এ পরিস্থিতিতে দেশের সার সরবরাহ ব্যবস্থা ও কৃষি উৎপাদনে সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করে অ্যামোনিয়া উৎপাদন পুনরায় চালুর ওপর গুরুত্ব দিচ্ছেন।