দীর্ঘস্থায়ী যুদ্ধের শঙ্কা, মধ্যপ্রাচ্যে মোতায়েন হচ্ছে আরেক মার্কিন রণতরী

Published: 23 April 2026

পোস্ট ডেস্ক :


যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’ মঙ্গলবার পর্যন্ত ভারতীয় মহাসাগরে অবস্থান করছিল। মার্কিন প্রতিরক্ষা বিভাগের প্রকাশিত ছবির বরাতে এই তথ্য জানিয়েছে সিএনএন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এর অর্থ হলো মধ্যপ্রাচ্যে মার্কিন নৌ বাহিনী দ্রুত আরও কয়েক ডজন যুদ্ধ বিমান পেতে যাচ্ছে। যেকোনো সময় যুদ্ধবিরতি ভেঙ্গে গেলে বা ইরানি বন্দরগুলোতে মার্কিন অবরোধে এসব যুদ্ধবিমান ব্যবহার করা হবে।
তবে রণতরী বুশ এবং ৭৫টির বেশি যুদ্ধবিমানের নির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি। কিন্তু নিউ হ্যাম্পশায়ারের ডেমোক্র্যাট মার্কিন প্রতিনিধি ম্যাগি গুডল্যান্ডার সিএনএনকে বলেন, মধ্যপ্রাচ্যের দিকে তৃতীয় রণতরী অগ্রসর হচ্ছে।

ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের পূর্বাঞ্চলে আরেক মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন অবস্থান করছে। এ ছাড়া মার্চের শেষ থেকে এপ্রিলের শুরু পর্যন্ত মেরামত ও রসদ সংগ্রহের জন্য ভূমধ্যসাগরীয় বন্দরগুলোতে থাকার পর লোহিত সাগরে ফিরে এসেছে আরেক মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড।

আটলান্টিন কাউন্সিলের ট্রাকিং সাইট জানিয়েছে, যদি বুশ রণতরী ইরান যুদ্ধে ব্যবহার করা হয় তাহলে মার্কিন নৌবাহিনীর চারটি বিমানবাহী রণতরীর মধ্যে তিনটি এই সংঘাতে মোতায়েন করা হচ্ছে।

এদিকে ভঙ্গুর যুদ্ধবিরতির কারণে ফের যেকোনো সময়ে যুদ্ধ শুরুর শঙ্কা দেখা দিয়েছে। এখন পর্যন্ত ইরান ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়ে ফলপ্রসূ কোনো খবর পাওয়া যায়নি। বিশ্লেষকরা ধারণা করছেন, মধ্যপ্রাচ্য দীর্ঘস্থায়ী যুদ্ধের ঝুঁকিতে আছে।