পশ্চিমবঙ্গের শুভেন্দুই মুখ্যমন্ত্রী, শনিবার শপথ
পোস্ট ডেস্ক :

ভারতের পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
পশ্চিমবঙ্গে বিধানসভা দলের নেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার বিকেলে বলেন, আমি পশ্চিমবঙ্গ বিজেপি বিধানসভা দলের নেতা হিসেবে নির্বাচিত শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করছি।
নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর নাম ঘোষণার পর অমিত শাহ আরও বলেন, নতুন সরকার সোনার বাংলার স্বপ্ন পূরণে সর্বাত্মক চেষ্টা করবে।
তিনি তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের কথিত স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ভোট দেয়ার জন্য পশ্চিমবঙ্গের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
একই সঙ্গে রাজ্যে এই ঐতিহাসিক জনরায় অর্জনের জন্য দিনরাত পরিশ্রম করা সকল বিজেপি কর্মীকেও ধন্যবাদ জানান অমিত শাহ।
এদিন বিশ্বভঙ্গ কনভেনশন সেন্টারে বিজয়ী ২০৭ জন বিধায়ককে নিয়ে বৈঠকে উপস্থিত ছিলেন অমিত শাহ। সেই বৈঠকেই শুভেন্দুকে পরিষদীয় দলনেতা মনোনিত করা হয়।
নব-নির্বাচিত দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় লোকভবনে পশ্চিমবঙ্গের রাজ্যপাল টি এন রবির সঙ্গে দেখা করবেন। তিনি সমস্ত বিধায়কের স্বাক্ষর করা সম্মতিপত্র দিয়ে মন্ত্রিসভা গঠনের দাবি জানাবেন।
আগামীকাল শনিবার সকাল ১১টায় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিজেপির নেতৃত্ব ও ২১ রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিকে শুভেন্দু শপথ নেবেন।




