পাকিস্তানে সেনা ক্যাম্পে তুমুল গোলাগুলি, নিহত ১৩
পোস্ট ডেস্ক :

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর জেলায় একটি সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির চার সেনা ও নয়জন সন্ত্রাসী নিহত হয়েছে। শুক্রবার (১৫ মে) কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন।
সূত্রগুলো জানিয়েছে, নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সন্ত্রাসীরা বৃহস্পতিবার রাতে বিস্ফোরক দিয়ে ক্যাম্পে হামলা চালায়। এরপর গুলি করতে করতে একটি গেট থেকে ক্যাম্পটি ধ্বংস করার চেষ্টা করে।
তবে নিরাপত্তা বাহিনী সময়মতো ও কার্যকরভাবে জবাব দেয়ায় সন্ত্রাসীরা তাদের ঘৃণ্য পরিকল্পনায় ব্যর্থ হয়।
সূত্রগুলো প্রাথমিক রিপোর্টের বরাতে জানায়, দুইপক্ষের তুমুল গোলাগুলিতে নয়জন সন্ত্রাসী এবং চারজন সেনা নিহত হয়েছে। ভারী বিস্ফোরক ও তীব্র গোলাবর্ষণ সত্ত্বেও সন্ত্রাসীরা ক্যাম্পে প্রবেশ করতে পারেনি। বর্তমানে ক্যাম্পটিতে তল্লাশি ও নির্মূল অভিযান চলছে।
নিরাপত্তা বাহিনীর আহত সদস্যদের পেশায়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এক বিবৃতিতে টিটিপি এই হামলার দায় স্বীকার করেছে।
ডন বলছে, খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াতে বিস্ফোরণে দুই ট্রাফিক পুলিশসহ নয়জনের প্রাণহানির মাত্র তিন দিন পরেই এই হামলার ঘটনা ঘটল। ওই হামলায় ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছিলেন।
এর আগে গত ৯ মে একই প্রদেশের বান্নু জেলার ফতেহ খেল পুলিশ ফাঁড়িতে আত্মঘাতী হামলায় দেশটির ১৫ জন পুলিশ সদস্য নিহত হয়।




