ট্রাম্পের হুঁশিয়ারি
ট্রাম্পের হুঁশিয়ারি
ইরানে আজ রাতে ফের তীব্র হামলা
পোস্ট ডেস্ক :

ইরানে আজ রাতে ফের জোরালো হামলার চালানোর হুঁশিয়ারি বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তুরস্কে চলমান ন্যাটো সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যৌথভাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এ মন্তব্য করেন। বুধবার (৮ জুলাই) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ট্রাম্প এদিন বলেন, ইরানে আগের রাতের হামলায় মার্কিন বাহিনী “খুবই শক্তভাবে” আঘাত হেনেছে এবং প্রয়োজন হলে বুধবার রাতেও আবারও বড় ধরনের হামলা চালানো হবে।
ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, গত রাতে আমরা তাদের ওপর খুব শক্তভাবে, খুবই শক্তভাবে হামলা চালিয়েছি। তিনি আরও বলেন, সম্ভবত আজ রাতেও আমরা তাদের ওপর আবারও জোরালো হামলা চালাব। ট্রাম্পের ভাষ্য, আমি তাদের কিছুটা আগাম সতর্কবার্তাও দিয়েছি। আমরা আজ রাতেই আবারও তাদের ওপর কঠোর হামলা চালাব। এর আগে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির সমাপ্তি হয়েছে। তিনি বলেন, আমার মনে হয় এটির সমাপ্তি হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমার যতদূর মনে হয়, যুদ্ধবিরতি শেষ হয়েছে। তাদের সঙ্গে চুক্তি করা মানে সময় অপচয় করা, তারা মিথ্যুক। ট্রাম্পের অভিযোগ, এরা দুষ্ট ও অসুস্থ লোক। এরা ক্যান্সারের মতো এবং আপনারা জানেন আপনাদের কী করতে হবে— শুরুতেই ক্যান্সারকে ছেঁটে ফেলতে হবে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে তিনটি তেল ট্যাংকারে হামলার জবাবে মঙ্গলবার ইরানের ওপর “শক্তিশালী” হামলা চালায় যুক্তরাষ্ট্র। এনিয়ে ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, তারা ইরানের ওপর ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা করেছে।
এর মধ্যে হরমুজ প্রণালিতে থাকা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি এর ৬০টিরও বেশি ছোট নৌযানও রয়েছে। যুক্তরাষ্ট্রের চালানো হামলার জেরে পাল্টা জবাব দিয়েছে ইরান। তেহরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ডস করপস (আইআরজিসি) জানিয়েছে, তাদের নৌ ও বিমানবাহিনী যৌথভাবে এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান পরিচালনা করে গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনার ৮৫টি স্থানে হামলা চালিয়েছে।




