ইতালি পেয়েছে ৩৪১ কোটি টাকা, ইংল্যান্ড ৩০৩!

Published: 12 July 2021

পোস্ট ডেস্ক :


ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের প্রতিটি আসরেই অর্থ পুরস্কার টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন, রানার্সআপসহ দলগুলোর অবস্থান অনুসারে বণ্টন করে দেয়া হয়। ২০১৬ সালে টুর্নামেন্টের শিরোপাজয়ী পর্তুগাল ২৭ মিলিয়ন এবং রানার্সআপ ফ্রান্স ২৩.৫ মিলিয়ন ইউরো অর্থ পুরস্কার পেয়েছিল। সব মিলিয়ে ২০১৬ উয়েফার সর্বমোট অর্থ পুরস্কারের পরিমাণ ছিল ৩৩৫ মিলিয়ন ইউরো বা ৩৩.৫ কোটি মার্কিন ডলার। ফোর্বসের প্রকাশিত তথ্য মতে, ইউরোর এবারের আসরে মোট অর্থ পুরস্কার দেয়া হয়েছে ৪০৫ মিলিয়ন ইউরো। যা গত আসরের চেয়ে ৭০ মিলিয়ন ইউরো বেশি।

সদ্য সমাপ্ত টুর্নামেন্টের শিরোপাধারী ইতালি অর্থ পুরস্কার বাবদ মোট পেয়েছে ৩৪ মিলিয়ন ইউরো। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ ৩৪১ কোটি টাকা। অন্যদিকে রানার্সআপ ইংল্যান্ডকে দেয়া হয়েছে ৩০.২৫ মিলিয়ন ইউরো বা ৩০৩ কোটি টাকা!

ইউরোর এবারের আসরে খেলা ২৪ দলের সবাই অংশগ্রহণ ফি বাবদ পেয়েছ ৯.২৫ মিলিয়ন ইউরো বা প্রায় ৯৩ কোটি টাকা করে। এর বাইরে টুর্নামেন্টের র‌্যাংক অনুযায়ী দলগুলো পেয়েছে বিভিন্ন পরিমাণ অর্থ পুরস্কার। এ তালিকায় স্পেন পেয়েছে ২২.৫ মিলিয়ন ইউরো (প্রায় ২২৬ কোটি টাকা), ডেনমার্ক ২১ মিলিয়ন (প্রায় ২১০ কোটি টাকা) ও বেলজিয়াম ১৯ মিলিয়ন ইউরো (প্রায় ১৯০ কোটি টাকা) করে। সুইজারল্যান্ড ও চেক প্রজাতন্ত্র পেয়েছে সমান ১৬.৭৫ মিলিয়ন ইউরো (প্রায় ১৬৮ কোটি টাকা) করে।

ইউক্রেন পেয়েছে ১৬ মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় ১৬০ কোটি টাকা, নেদারল্যান্ডস ১৫.৭৫ মিলিয়ন ইউরো বা প্রায় ১৫৮ কোটি টাকা, সুইডেন ১৫ মিলিয়ন ইউরো (প্রায় ১৫০ কোটি টাকা)। অস্ট্রিয়া ও ফ্রান্স পেয়েছে ১৪.২৫ মিলিয়ন ইউরো বা প্রায় ১৪৩ কোটি টাকা করে। পর্তুগাল, ক্রোয়েশিয়া, জার্মানি এবং ওয়েলস প্রত্যেকের প্রাপ্ত অর্থ পুরস্কারে পরিমাণ ১৩.৫ মিলিয়ন ইউরো বা প্রায় ১৩৫ কোটি টাকা করে। এ ছাড়া ফিনল্যান্ড, স্লোভাকিয়া, রাশিয়া ও হাঙ্গেরির পাওয়া অর্থ পুরস্কার ১০.৭৫ মিলিয়ন ইউরো বা প্রায় ১০৮ কোটি টাকা করে। পোল্যান্ড ও স্কটল্যান্ড সমান ১০ মিলিয়ন ইউরো (প্রায় ১০০ কোটি টাকা) এবং তুরস্ক ও উত্তর মেসিডোনিয়া ৯.২৫ মিলিয়ন ইউরো (প্রায় ৯৩ কোটি টাকা) করে অর্থ পুরস্কার পায়।