ঘরে ফিরেই জোড়া গোলে জেতালেন রোনালদো
পোস্ট ডেস্ক :

ঘরের ছেলে ঘরে ফিরেছে। তাকে আবারো প্রিয় দলের জার্সিতে দেখতে রোমাঞ্চিত ইউনাইটেড সমর্থকদের ভিড়ে গ্যালারিতে যেন তিলধারণের ঠাঁই ছিল না।
স্বপ্নের মতোই শুরু হলো ম্যানচেস্টার ইউনাইটেডে ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বিতীয় অভিষেক। ঘরের ছেলে ঘরে ফিরেই দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে জেতালেন।
শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগের খেলায় নিউক্যাসল ইউনাইটেডকে ৪-১ গোলে হারায় ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচে জোড়া গোল করেছেন রোনালদো। এরপর ব্যবধান বাড়ান ব্রুনো ফের্নান্দেস ও জেসে লিনগার্ড।
প্রথমার্ধের একিবারে শেষ মুহূর্ত বিরতিতে যাওয়ার ঠিক আগে ম্যাসন গ্রিনউডের সোজাসুজি শট ঠেকাতে গিয়ে তালগোল পাকান গোলরক্ষক। ঠিক সময়ে ঠিক জাযগায় থাকা রোনালদো আলগা বল টোকায় জালে পাঠান। উল্লাসে ফেটে পড়ে ওল্ড ট্র্যাফোর্ড।
৫৬তম মিনিটে দারুণ এক প্রতি-আক্রমনে স্বাগতিকদের স্তব্ধ করে দেয় নিউক্যাসল। সতীর্থের পাস ডি-বক্সে পেয়ে কোনাকুনি শটে সমতা আনেন হাভি মানকিলো।
৬২তম মিনিটে দারুণ নৈপুণ্যে আবারও দলকে এগিয়ে নেন রোনালদো। লুক শয়ের পাস পেয়ে দুই জনের মধ্যে দিয়ে প্রথম ছোঁয়ায় বল সামনে বাড়িয়ে নিচু শটে গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে লক্ষ্যভেদ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।




