ইউক্রেনের পক্ষে লড়তে গিয়ে ‘নিখোঁজ’ রানী এলিজাবেথের গার্ড গ্রেপ্তার

Published: 22 March 2022

পোস্ট ডেস্ক :


ইউক্রেনে রাশিয়ার হামলার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে রানী এলিজাবেথের রাজকীয় গার্ডের এক সদস্য নিজ কর্মস্থল থেকে নিখোঁজ হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এক্সপ্রেস ইউকে এর রিপোর্ট অনুযায়ী, ওই যুবক একজন সৈনিক। তিনি রাশিয়ানদের বিরুদ্ধে লড়াই করার জন্য স্বেচ্ছাসেবক হয়েছিলেন। ইউক্রেন থেকে তার উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার পর তিনি পোল্যান্ড থেকে যুক্তরাজ্যের লন্ডন স্ট্যানস্টেড বিমানবন্দরে ফিরে এসেছিলেন।

ওই সৈনিক কোল্ডস্ট্রিম গার্ডের সদস্য। তিনি উইন্ডসর ক্যাসেলে রানী এলিজাবেথকে রক্ষা করার জন্য তালিকাভুক্ত রক্ষীদের একজন ছিলেন বলে জানা গেছে।

গ্রেপ্তারের পর তিনি এখন ‘কাজ ছেড়ে যাওয়া’ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আদেশ উপেক্ষা করার জন্য সম্ভাব্য কারাদণ্ডের মুখোমুখি হচ্ছেন।

ওই যুবক ‘তার রেজিমেন্টের আনুষ্ঠানিক ভূমিকা পালন করতে করতে বিরক্ত হয়ে’ নিখোঁজ হয়েছিলেন বলে জানা গেছে।

এরপর তিনি পোল্যান্ডের ক্রাকোতে যান। সেখান থেকে তিনি পশ্চিম ইউক্রেনের আন্তর্জাতিক ব্রিগেডের সদর দপ্তরে পৌঁছানোর জন্য সীমান্ত অতিক্রম করেন।