‘চ্যানেল ফোর’ বিক্রির সিদ্ধান্ত

Published: 5 April 2022

পোস্ট ডেস্ক :


চ্যানেল ফোর বিক্রির সিদ্ধান্ত নিয়েছে দিচ্ছে ব্রিটিশ সরকার। সোমবার চ্যানেলটি নিজেই এই ঘোষণা দিয়েছে। ২০২৪ সালে ব্রিটেনের সাধারণ নির্বাচনের পূর্বেই এটিকে বিক্রি করা হবে। সরকার আশা করছে এটি থেকে ১৩০ কোটি ডলার আয় করতে পারবে। সরকারের এমন সিদ্ধান্তে চ্যানেল ফোর আশাহত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে। এ খবর দিয়েছে আনাদলু।

চ্যানেল ফোরের এক মুখপাত্র বলেন, আমরা ভাল বিশ্বাস নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসেছিলাম। সেখানে আমরা ব্যাখ্যা করেছি, কীভাবে এই চ্যানেল ব্রিটিশদের জীবন সব কোণ থেকে তুলে ধরছে। কিন্তু সরকার জানিয়েছে, চ্যানেল ফোরকে বেসরকারিকরণই সবথেকে ভাল সমাধান।

এটি বিক্রি করলে যে অর্থ পাওয়া যাবে তা বৃটেনের সাংস্কৃতিক উন্নয়নে ব্যয় করা হবে। তবে এটি বেসরকারিকরণ করা হলেও এটিকে পাবলিক সার্ভিস ব্রোডকাস্টার হিসেবে রাখতে হবে। অর্থাৎ, এটি তখনও প্রাইমটাইম নিউজ প্রচার করবে।

১৯৮২ সালে প্রতিষ্ঠিত করা হয় চ্যানেল ফোর। তুলনামূলক কম বয়স্ক ব্রিটিশদের প্রিয় চ্যানেল ছিল এটি। এর ৯০ শতাংশ আয় আসতো বিজ্ঞাপন থেকে। তবে নেটফ্লিক্সসহ অন্যান্য স্ট্রিমিং সার্ভিসের কারণে জনপ্রিয়তা হারায় চ্যানেল ফোর।