যুক্তরাজ্যে গত মার্চ মাসে দ্বিগুণ হয়েছে করোনা
পোস্ট ডেস্ক :

যুক্তরাজ্যে করোনাভাইরাস আবার বাড়তির দিকে। গত মার্চ মাসে করোনা সংক্রমণ নতুন উচ্চতায় পৌঁছেছে। সেখানে মার্চ মাসে ৬.৩৭ শতাংশ হারে (প্রতি ১৬ জনে একজন) সংক্রমণ ঘটেছে। আগের মাস ফেব্রুয়ারিতে প্রতি ৩৫ জনে একজন সংক্রমিত হয়েছিল।
সাম্প্রতিক একটি গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।
রিয়েল টাইম অ্যাসেসমেন্ট অব কমিউনিটি ট্রান্সমিশন (আরইএসিটি-১) গবেষণায় যুক্ত যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ অব লন্ডনের গবেষকরা দেখেছেন, সংক্রমণ প্রতি মাসে প্রায় দ্বিগুণ হচ্ছে।
গত বুধবার প্রকাশিত এই গবেষণার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, মার্চ মাসের ৮ থেকে ৩১ তারিখ পর্যন্ত এক লাখ ১০ হাজার সোয়াব পরীক্ষা করা হয়। এতে চিহ্নিত বেশি ভাগই ওমিক্রনের বিএ-২ ধরন।
ইম্পেরিয়াল স্কুল অব পাবলিক হেলথের আরইএসিটি কর্মসূচির পরিচালক অধ্যাপক পল এলিয়ট বলেন, ‘এসব প্রবণতা তখনই বিপজ্জনক হয়ে ওঠে যখন বিপুলসংখ্যক মানুষ এতে আক্রান্ত হয়। এটি পরে আরো বড়সংখ্যক মানুষকে আক্রান্ত হওয়ার দিকে ঠেলে দিতে পারে। ’
ভারতে এক্সই ধরন শনাক্ত, সংক্রমণ হাজারের বেশি
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, করোনাভাইরাসে নতুন করে এক হাজার ৩৩ জন আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার আগের ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা তুলে ধরে মন্ত্রণালয়। এতে দেখা যায়, এদিন মৃত্যু হয় ৪৩ জনের।
এদিকে ভারতে করোনাভাইরাসের নতুন ‘এক্সই’ ধরনে আক্রান্ত হওয়া নারী দুই ধাপের টিকা নিয়েছিলেন। মহারাষ্ট্রের মুম্বাই সিটি করপোরেশন এই তথ্য নিশ্চিত করেছে। বুধবার দক্ষিণ আফ্রিকা থেকে ৫০ বছর বয়সী ওই নারী মুম্বাইয়ে এসেছিলেন। মুম্বাই সিটি করপোরেশন আরো জানায়, এর আগে গত ১০ ফেব্রুয়ারি তিনি ভারতে আসেন। সে সময় তাঁর দেহে কোনো উপসর্গ ছিল না এবং পরীক্ষায়ও নেগেটিভ ফল আসে।
খবরে বলা হয়, জিন বিশ্লেষণ করে উল্লিখিত নারীর করোনার নমুনায় ‘এক্সই’ পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) একে এখন পর্যন্ত পাওয়া করোনার সম্ভাব্য সবচেয়ে সংক্রামক ধরন বলে চিহ্নিত করেছে।
ভারতে গত সোমবার সংক্রমণ সংখ্যা প্রায় দুই বছর পর এক হাজারের নিচে নেমে এসেছিল। ঠিক পরদিনই সংক্রমণ হাজারের ওপরে ওঠে। গতকালও এই ধারা অব্যাহত থাকল।




