ভারত সফরে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
পোস্ট ডেস্ক :

প্রতিরক্ষা বিষয়ক সম্পর্ককে উন্নত করার লক্ষ্যে ভারত সফরে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। দীর্ঘ বিলম্বিত এই সফরে তিনি এ সপ্তাহেই আসছেন বলে জানিয়েছে অনলাইন বিবিসি। ভারত পৌঁছার পর আগামী শুক্রবার নয়া দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। এ সময় প্রতিরক্ষা এবং বাণিজ্য নিয়ে আলোচনার ওপর জোর দেয়া হবে। প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই হবে বরিস জনসনের প্রথম বড় মাত্রায় ভারত সফর। তার এর আগের সফর করোনাভাইরাস মহামারির কারণে স্থগিত হয়ে যায়। উল্লেখ্য, রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালানোর পর থেকে মস্কোর ওপর ভারতের নির্ভরতা কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্রিটেন। গত মাসে ভারত সফর করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস।
এর উদ্দেশ্য ছিল রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা এবং ব্যবসা, প্রতিরক্ষা, জ্বালানি এবং খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতা।
২৪ শে ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় ইউক্রেন। এরপর থেকে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি কোনো সমালোচনা করেনি ভারত। এমনকি জাতিসংঘে এই আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা জানিয়ে আনা প্রস্তাবের মাধ্যমে নিন্দাও জানায়নি। এ অবস্থায় ভারত সফরে এসে বৃহস্পতিবার পঞ্চম বৃহৎ রাজ্য গুজরাট সফরে যাওয়ার কথা রয়েছে বরিস জনসনের। সেখানে তিনি ব্রিটেন ও ভারতের গুরুত্বপূর্ণ শিল্পখাতে বড় অংকের বিনিয়োগের ঘোষণা দিতে পারেন। একই সঙ্গে বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তিখাতে সহযোগিতার কথা বলতে পারেন। এই সফরকে সামনে রেখে বরিস জনসন বলেছেন, যেহেতু স্বৈরতান্ত্রিক রাষ্ট্র থেকে আমাদের শান্তি ও সমৃদ্ধি হুমকিতে, এটা গুরুত্বপূর্ণ যে, গণতান্ত্রিক এবং বন্ধুদের শক্তভাবে একসঙ্গে লেগে থাকতে হবে। জনসন বলেন, ভারত হলো একটি বড় অর্থনৈতিক শক্তি এবং বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ। অনির্দিষ্ট সময় পর্যন্ত ব্রিটেনের উচ্চ মূল্যবান কৌশলগত অংশীদার হলো এই দেশটি।
গত বছর এপ্রিলে ভারত সফর বাতিল করেন জনসন। ওই সময় দক্ষিণ এশিয়ার এই দেশটি ব্রিটেনকে করোনাভাইরাসের লাল তালিকায় যুক্ত করেছিল। এর অর্থ হলো, ব্রিটেন থেকে যাওয়া কোনো ব্যক্তিকে ভারতে কোনো হোটেলে ১০ দিন পর্যন্ত হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হতো। প্রাথমিকভাবে সরকার বলেছিল, এই সফর হবে। কিন্তু ভারতে যেভাবে করোনাভাইরাস বৃদ্ধি পায় এবং নতুন ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ে তার প্রেক্ষিতে ওই সফর মুলতবি হয়ে যায়।




