শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
পোস্ট ডেস্ক :

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. খায়রুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়টির বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান। শনিবার তাকে ভিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
সহকারী সচিব মো: শাহ আলম সিরাজের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭ এর ১১ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম, পিএইচডি (মার্কেটিং), হেড, ডিপার্টমেন্ট অব বিজনেস এডমিনিস্ট্রেশন, প্রাক্তন ডিন, স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস এডমিনিস্ট্রেশন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-কে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো-
শর্তে বলা হয়েছে, ‘ভাইস-চ্যান্সেলর পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর অথবা অবসর গ্রহণের তারিখ-এর মধ্যে যা পূর্বে ঘটে সেই সময় পর্যন্ত হবে; উপর্যুক্ত পদে তিনি তার মূল পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন; এবং (ঙ) মহমান্য প্রেসিডেন্ট ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।




