আপত্তিকর বক্তব্য ঘিরে রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষোভ, পিএস পুলিশ হেফাজতে

Published: 17 April 2026

পোস্ট ডেস্ক :


প্রধানমন্ত্রীকে নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের আপত্তিকর বক্তব্যকে ঘিরে তার মোহাম্মদপুরের বাসার সামনে বিক্ষোভ করেছেন বিএনপির কয়েকজন নেতাকর্মী। এসময় আন্দোলনকারীদের একজনকে ইট দিয়ে মারার চেষ্টার অভিযোগে রাশেদ প্রধানের ব্যক্তিগত সচিব (পিএস) জনী নন্দীকে হেফাজতে নেয় পুলিশ।
সম্প্রতি এক টিভি আলোচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন রাশেদ প্রধান। তারই প্রতিবাদে শুক্রবার দুপুরে মোহাম্মদপুরে তার বাসার সামনে প্রতিবাদ জানাতে যান বিএনপির নেতাকর্মীরা।

পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে জাগপা প্রধানের আক্রমণাত্মক মন্তব্যের প্রতিবাদে তাঁর বাসার সামনে কয়েকজন অবস্থান নেন। এ সময় পুলিশ তাঁদের সরিয়ে দেয়। রাশেদ প্রধানের বাসার অদূরে আন্দোলনকারী দুই ব্যক্তি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় রাশেদ প্রধানের পিএস জনি নন্দী আন্দোলনকারীদের ওপর হামলা চালান। একপর্যায়ে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য মোহাম্মদপুর থানায় নিয়ে যায়। পুলিশ কর্মকর্তা জুয়েল রানা আরও বলেন, জিজ্ঞাসাবাদ শেষে জনি নন্দীকে ছেড়ে দেওয়া হতে পারে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাশেদ প্রধানের বাসার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।