এসাইলাম প্রক্রিয়ার অপব্যবহারকারীদের বিরুদ্ধে তদন্তে হোম অফিস

Published: 17 April 2026

পোস্ট ডেস্ক :


এসাইলাম আশ্রয় ব্যবস্থার অপব্যবহারকারী ‘ভুয়া আইনজীবীদের’ সম্পৃক্তা নিয়ে বিবিসির অনুসন্ধানী রিপোর্ট প্রকাশের পর বৃটেনে চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে। রিপোর্ট প্রকাশের পর প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, এসব দাবির ক্ষেত্রে কঠোর ও নিরপেক্ষ যাচাই-বাছাই নিশ্চিত করতে শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা রয়েছে। প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, হোম অফিস এবং নিয়ন্ত্রক সংস্থা ইমিগ্রেশন অ্যাডভাইস অথরিটি একসঙ্গে কাজ করছে, যাতে অভিবাসন ব্যবস্থার অপব্যবহারকারীদের জবাবদিহিতার আওতায় আনা যায়। দেশটির সরকার ইতিমধ্যে বিবিসির প্রতিবেদনে উল্লেখিত ব্যক্তি ও সংগঠনগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

এদিকে বিরোধী দলগুলো এই পরিস্থিতি মোকাবিলায় আশ্রয় ব্যবস্থার পূর্ণ সংস্কারের দাবি জানিয়েছে।
হোম অফিস আগে থেকেই এমন প্রবণতা নিয়ে তদন্ত করছিল, যেখানে কিছু ব্যক্তি নিজেদের সমকামী সাজিয়ে ভুয়া আশ্রয় দাবি করছে। পাশাপাশি, গৃহ নির্যাতনের শিকারদের সুরক্ষার জন্য প্রণীত নিয়মের অপব্যবহারের অভিযোগও উঠেছে।

বিবিসির অনুসন্ধানে জানা গেছে, যেসব অভিবাসীর ভিসার মেয়াদ শেষ হতে যাচ্ছে, তাদেরকে ভুয়া গল্প তৈরি করতে সহায়তা করা হচ্ছে এবং মিথ্যা প্রমাণ জোগাড় করার নির্দেশনা দেয়া হচ্ছে। কিছু ক্ষেত্রে, আইনজীবী প্রতিষ্ঠান ও পরামর্শদাতারা হাজার হাজার পাউন্ড নিয়ে এসব ভুয়া দাবি তৈরির কৌশল শেখাচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কিছু অভিবাসী বৃটিশ নাগরিকদের সঙ্গে সম্পর্ক বা বিয়ে করে পরে গৃহ নির্যাতনের মিথ্যা অভিযোগ এনে দ্রুত স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হোম অফিস তদন্ত শুরু করেছে।