অনুসন্ধানী সাংবাদিকতায় ফেলোশিপ ঘোষণা টিআইবির

Published: 20 April 2026

পোস্ট ডেস্ক :


দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে ফেলোশিপ প্রদানের জন্য সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে প্রস্তাবনা আহ্বান করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সোমবার (২০ এপ্রিল) এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি।

টিআইবি জানায়, দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে ফেলোশিপ প্রদানের লক্ষ্যে বাংলাদেশি মালিকানাধীন এবং বাংলাদেশ থেকে প্রকাশিত ও প্রচারিত সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে প্রস্তাবনা আহ্বান করা হয়েছে।

বিভাগগুলোর মধ্যে সাধারণ বিভাগে শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও নির্মাণ খাতসহ অন্যান্য খাতে ৪টি, জ্বালানি খাতে সুশাসন ১টি এবং বর্জ্য, পরিবেশ ও জলবায়ু সুশাসন ৫টি ফেলোশিপ দেওয়া হবে।

চূড়ান্তভাবে নির্বাচিত ফেলোদের প্রত্যেককে সম্মানী হিসেবে মোট ১ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হবে।
ফেলোশিপ প্রাপ্তির যোগ্যতা বিষয়ে টিআইবির বিবৃতিতে বলা হয়েছে, সংবাদপত্র, টেলিভিশন, রেডিও এবং অনলাইন সংবাদ মাধ্যমে কর্মরত ও ন্যূনতম ৩ বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ফেলোদের বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে।’