টেকনাফে পাহাড় থেকে ৩ জনের লাশ উদ্ধার

Published: 21 April 2026

পোস্ট ডেস্ক :


কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে রক্তাক্ত অবস্থায় তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার পাহাড়ি অঞ্চল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় অন্য দুইজনকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে তারা মারা যান।

নিহতরা হলেন, রুহুল আমিনের ছেলে রবি আলম, নুরুল কবিরের ছেলে মুজিব উল্লাহ এবং নুরুল ইসলামের ছেলে নুরুল বশর প্রকাশ হালানি। তিনজনই বাহারছড়া শীলখালী গ্রামের বাসিন্দা।

টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘পাহাড় থেকে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপহরণ ও মানব পাচারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’

তিনি আরও জানান, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে নিহতদের বিরুদ্ধে অপহরণ ও মানব পাচারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তবে এসব তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে এবং ঘটনার সঙ্গে কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে।