সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৫৩ প্রার্থী

Published: 21 April 2026

পোস্ট ডেস্ক :


ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিভিন্ন দল ও জোট এবং ব্যক্তিগতভাবে ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন ভবনে নির্বাচনের রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব মঈন উদ্দীন খান এ তথ্য জানান।

তিনি বলেন, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের যারা প্রার্থী, তাদের মনোনয়নপত্র দাখিলের সময় বিকেল ৪টায় শেষ হয়েছে। আমরা বিএনপি জোট থেকে ৩৬টি ও জামায়াত জোট থেকে ১৩টি মনোনয়নপত্র পেয়েছি।

তিনি জানান, এ ছাড়া স্বতন্ত্র মোর্চা থেকে একটি মনোনয়নপত্র পেয়েছি। ওই প্রার্থীর নাম সুলতানা জেসমিন। এর বাইরে আরো তিনজনের মনোনয়নপত্র পেয়েছি। তারা হলেন—শামীমা আক্তার, মোছাম্মদ মেহরুন নেসা ও মাহবুবা রহমান।

এই তিনজন কোনো দল বা জোট থেকে আবেদন করেননি। উনারা নিজেদের মতো করে জমা দিয়েছেন। এগুলো যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানানো হবে।
মঈন উদ্দীন খান বলেন, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল।

২২ এপ্রিল দুপুর ২টা থেকে বিকেল ৪টা, ২৩ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাছাই হবে। এরপর বাছাইয়ের বিরুদ্ধে ২৬ এপ্রিল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কমিশনে আপিল করা যাবে। কমিশন আপিল নিষ্পত্তি করবেন ২৭ ও ২৮ এপ্রিল।
রিটার্নিং অফিসার আরো বলেন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহণ হবে ১২ মে।