বিএনপি-এনসিপি ও জামায়াতের সংঘর্ষ, আহত ৬
পোস্ট ডেস্ক :

নারায়ণগঞ্জের সদর উপজেলায় একটি খেয়াঘাটের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় সদর উপজেলায় বক্তাবলী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, এদিন ফতুল্লা বক্তাবলী খেয়াঘাটের ইজারার দরপত্র জমা দেওয়ার নির্ধারিত তারিখ ছিল।
ঘাটের ইজারা নিতে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি জামায়াত ও এনসিপির অনুসারীরা আগ্রহী ছিল। তবে সকাল থেকে সদর উপজেলাজুড়ে কেন্দ্র ঘিরে রাখে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর অনুসারী এবং বক্তাবলী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। দুপুর ১টার দিকে জামায়াত এবং এনসিপি কর্মীরা দরপত্র জমা দিতে গেলে বাধা দেন বিএনপির কর্মীরা। এ সময় বক্তাবলী ইউনিয়ন এনসিপির নেতা তাওহিদ প্রতিবাদ করলে তাকে এবং বক্তাবলী ইউনিয়ন জামায়াতের আমির আবু বকরকে মারধর করে তারা।
পরে দরপত্র জমা দিতে না পেরে চলে যান জামায়াত অনুসারীরা।
এদিকে ঘটনা জানাজানি হলে উপজেলার সামনে জড়ো হতে থাকে এনসিপির কর্মীরা। কিছুক্ষণ পর সংঘর্ষে জড়ায় বিএনপি ও এনসিপির কর্মীরা। এক পর্যায়ে এনসিপির কর্মীরা বক্তাবলী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মারধর করে তাড়িয়ে দেয়।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।




