সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানা রূপার জামিন বিষয়ে আদেশ ২৮ এপ্রিল

Published: 22 April 2026

পোস্ট ডেস্ক :


জুলাই গণঅভ্যুত্থান চলাকালে হত্যাসহ একাধিক ঘটনায় দায়ের হওয়া ৭টি মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী ২৮শে এপ্রিল আদেশ দেবেন হাইকোর্ট। বুধবার রাষ্ট্রপক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে আদেশের এ দিন ধার্য করেন। আদালতে জামিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন- সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩১শে আগস্ট রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় সাংবাদিক দম্পতিকে কারাগারে পাঠান আদালত। একই বছরের ২১শে আগস্ট রাজধানীর হজরত শাহজালাল বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়।

পরদিন ২২শে আগস্ট উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় গ্রেপ্তার দেখালে আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে গত ২৬শে আগস্ট রুবেল হত্যা মামলায় তাদের আরও ৫ দিনের রিমান্ডে পাঠায় আদালত।