জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

Published: 23 April 2026

পোস্ট ডেস্ক :

জামালপুরে চা বিক্রেতা এক নারীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-মো. কালাম (৫০), বুলবুল আহমেদ (৪৫) ও মো. রুক (৪০)। তাদের সবার বাড়ি জামালপুর শহরের পাথালিয়া নওভাঙার চর এলাকায়। এর মধ্যে বুলবুল আহমেদ ও মো. রুক পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, জামালপুর শহরের শাহ জামাল মাজারের সামনে একটি ছোট দোকানে চা ও পান বিক্রি করতেন ভুক্তভোগী নারী। গত ২০২৩ সালের ১৪ মে রাতে তাকে অপহরণ করে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন আসামিরা। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে শহরের ফৌজদারী এলাকায় তাকে ফেলে রেখে পালিয়ে যায় তারা। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, ‘সংঘবদ্ধভাবে ধর্ষণের মামলায় আদালত তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একইসঙ্গে প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন।’