আড়াই বছরেও চালু হয়নি ২০ কোটি টাকার হাসপাতাল

Published: 23 April 2026

পোস্ট ডেস্ক :


ঝিনাইদহের মহেশপুরে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভৈরবা ২০ শয্যা হাসপাতাল উদ্বোধনের আড়াই বছর পার হলেও আলোর মুখ দেখেনি। ফলে উপজেলার ৫টি ইউনিয়নের অন্তত ৫০টি গ্রামের মানুষ জরুরি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।

মহেশপুর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ভৈরবা সাকোর খাল এলাকায় ২০২৩ সালের ২৫ অক্টোবর হাসপাতালটি উদ্বোধন করা হয়। হাসপাতালের কার্যক্রম শুরু না হওয়ায় ভবনের বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ছে।

আর পাহারাদার না থাকায় হাসপাতালের মালামাল চুরি হয়ে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দা বাশার আলী বলেন, ভেবেছিলাম হাসপাতাল চালু হলে আর দূরে যেতে হবে না। কিন্তু এখনো অসুস্থ হলে উপজেলায় যেতে হয়।

বাগান মাঠ গ্রামের বাসিন্দা মুকুল হোসেন বলেন, ২০ কোটি টাকা দিয়ে হাসপাতাল করল, মন্ত্রী এসে চালুও করল।

কিন্তু আজ পর্যন্ত কোনো ডাক্তার আসতে দেখলাম না। যদি চালুই না হয় তাহলে হাসপাতাল করে লাভ কী? আমরা চাই হাসপাতালটি তাড়াতাড়ি চালু করা হোক।
এ বিষয়ে ঝিনাইদহের সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান বলেন, হাসপাতালটি চালুর জন্য প্রয়োজনীয় জনবল ও সরঞ্জামের চাহিদাপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রশাসনিক অনুমোদন পেলেই দ্রুত চালুর ব্যবস্থা নেওয়া হবে।

সিভিল সার্জন আরো বলেন, হাসপাতালটি চালু হলে প্রতি মাসে সীমান্ত এলাকার ১০ থেকে ১২ হাজার মানুষ নিয়মিত স্বাস্থ্যসেবা পাবে।