আদানির বন্ধ ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু

Published: 27 April 2026

পোস্ট ডেস্ক :


ভারতীয় কোম্পানি আদানির বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিট থেকে আবার বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এতে দেশে বিদ্যুতের লোডশেডিং কমে আসছে বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র জানিয়েছে। আজ সোমবার রাত পৌনে ৮টার দিকে বন্ধ ইউনিট থেকে আস্তে আস্তে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। একটি ইউনিট বন্ধ থাকা আবস্থায় আদানির কয়লাভিত্তিক অপর ইউনিট থেকে ৬৭০ মেগাওয়াট বিদ্যুৎ নিয়মিত পেয়ে আসলি বাংলাদেশ।

জানা গেছে, গত মঙ্গলবার আদানির একটি ইউনিট কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। এতে লোডশেডিং বেড়ে যায় দেশে।

এ প্রসঙ্গে পিডিবি’র সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম মানবজমিনকে বলেন, ভারত থেকে আমদানি করা আদানির বিদ্যুতের বন্ধ ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ আবার শুরু হয়েছে। কয়লাভিত্তিক এসএস পাওয়ার. রামপাল এবং মাতারবাড়ি থেকেও বিদ্যুৎ উৎপাদন হওয়ায় লোডশেডিং কমেছে। আজ লোডশেডিং নেই বলেও দাবি করেন এই কর্মকর্তা।

এদিকে জ্বালানি সংকটের এই সময়ে উৎপাদন ধরে রেখে চাহিদামতো সরবরাহে হিমশিম খাচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। কয়েকদিন ধরে দিনের কোনো কোনো ঘণ্টায় দুই হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং করা হচ্ছিল। এর মধ্যে ভারতীয় কোম্পানি আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট কারিগরি কারণে বন্ধ হওয়ায় লোডশেডিং আরও বেড়ে যায়।
বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি (পিজিসিবি) তথ্য অনুযায়ী, রোববার রাত ৯টায় বিদ্যুতের চাহিদা দাঁড়ায় ১১ হাজার ৪৭৮ দশমিক ৯১ মেগাওয়াট। এই সময়ে উৎপাদন হয়েছে সমপরিমাণ। ফলে কোনো বিদ্যুৎ ঘাটিত হয়নি।

পিডিবি ও পিজিসিবি সূত্র জানায়, আমদানিসহ দেশে বর্তমানে দৈনিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩২২ মেগাওয়াট। গ্রীষ্মে সর্বোচ্চ এবার চাহিদা সাড়ে ১৮ হাজার মেগাওয়াট হতে পারে বলে প্রাক্কলন করেছে সরকার। কিন্তু গরম বাড়লেও জ্বালানি সংকটে চাহিদানুযায়ী বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না বিদ্যুৎ কেন্দ্রগুলো। ফলে লোডশেডিং বেড়ে যায়। তবে রাজধানীতে এক অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, আগামী সপ্তাহ থেকে বিদ্যুতের লোডশেডিং কমে আসবে।