সাতক্ষীরায় পশু চিকিৎসককে অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি
পোস্ট ডেস্ক :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় অনিমেষ পরমান্য (৪৬) নামের এক পশু চিকিৎসককে অপহরণের পর তার পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (২ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বংশীপুর এলাকা থেকে তাকে অপহরণ করা হয় বলে ধারণা করা হচ্ছে।
অপহৃত অনিমেষ পরমান্য শ্যামনগর উপজেলার কৈখালি ইউনিয়নের বৈশখালি গ্রামের নিতাই পরমান্যের ছেলে। তিনি দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে স্থানীয় এলাকায় পশু চিকিৎসক হিসেবে কাজ করে আসছেন।
পারিবারিক সূত্র জানায়, শনিবার সকাল ৮টার দিকে অনিমেষ বাড়ি থেকে বের হন। সকাল সাড়ে ১০টার দিকে তাকে হরিনগরের সুন্দরবন বাজার এলাকায় এবং পরে বংশীপুর এলাকায় দেখা যায়। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। সন্ধ্যা ৭টার দিকে অপহৃতের মোবাইল ফোন থেকে তার স্ত্রী সবিতা পরমান্যের কাছে কল করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
একই সঙ্গে বিষয়টি প্রশাসন বা গণমাধ্যমকে জানালে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে শনিবার রাত ও রবিবারেও একাধিকবার ফোন করে টাকা দাবি করা হয়।
এ ঘটনায় অপহৃতের ভাই প্রিয়নাথ পরমান্য শনিবার রাত ৯টার দিকে শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরিবারের সদস্যরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান বলেন, নিখোঁজের বিষয়টি জানার পরপরই পুলিশ সুপার ও র্যাবকে অবহিত করা হয়েছে। অপহৃতের ব্যবহৃত মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে এবং স্বজনদের সঙ্গে নিয়ে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। শিগগিরই তাকে উদ্ধার করা সম্ভব হবে।




