সিলেট বিমানবন্দরে জব্দ সাড়ে ১৭ কেজি সোনা, আদালতে এসে হয়ে গেল দেড় কেজি!

Published: 4 May 2026

পোস্ট ডেস্ক :


সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ সাড়ে ১৭ কেজি স্বর্ণ হাইকোর্টে দেখানো হয়েছে মাত্র দেড় কেজি। বিষয়টি উঠে এসেছে চ্যানেল টুয়েন্টিফোরের অনুসন্ধানে।

গত বছরের ৫ নভেম্বর হাইকোর্টে জামিন নিতে আসেন আসামিরা। সেখানেই ১৭ কেজি ৫০০ গ্রাম স্বর্ণকে দেখানো হয় মাত্র ১ কেজি ৫০০ গ্রাম।

সব শুনে তখন অভিযুক্তদের জামিন দেন হাইকোর্ট। এর পাঁচ দিন পর জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। রাষ্ট্রপক্ষ জামিনের নথি তল্লাশি করে দেখে ১৭ থেকে ৭ সংখ্যাটি সুকৌশলে ফেলে দেওয়া হয়েছে।
এ ঘটনার জানাজানি হলে স্থগিত করা হয় জামিন।

ততক্ষণে কারাগার থেকে বেরিয়ে যান আসামিরা। জালিয়াতির এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তখনই মামলার নির্দেশ দেন হাইকোর্ট।
২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ হয়েছিল সাড়ে ১৭ কেজি স্বর্ণ। শারজাহ থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে ১২০টি স্বর্ণের বার ও ৪টি স্বর্ণের পেস্টের চাকা জব্দ করেন জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

যার তৎকালীন আনুমানিক বাজার মূল্য প্রায় ২১ কোটি টাকা।
অভিযুক্তদের আইনজীবী সাদিয়া ইয়াসমিন অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, মামলা গ্রহণের সময় নথিপত্রে স্বর্ণের পরিমাণ এক কেজি ৫০০ গ্রাম ছিল।