নিউহ্যাম কাউন্সিলে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন

Published: 8 May 2026

স্টাফ রিপোর্টার :


নিউহ্যাম কাউন্সিলে লেবার পার্টি থেকে মেয়র নির্বাচিত হয়েছেন ফরহাম হোসেন। ‍তিনি প্রতিদ্বন্ধি প্রার্থীর চেয়ে প্রায় ৫ হাজার ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হন। আর এই বিজয়ের মধ্য দিয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন। ফরহাদ হোসেন পেয়েছেন ২৫৫৩৮, তার নিকটতমপ্রার্থী মোহাম্মদ মির্জা পেয়েছেন ২০২৩৪।

এই জয়ের মাধ্যমে তিনি ব্রিটেনের ইতিহাসে প্রথম কোনো মূলধারার রাজনৈতিক দল (লেবার পার্টি) থেকে নির্বাচিত প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নির্বাহী মেয়র হওয়ার গৌরব অর্জন করলেন।
ব্রিটেনের মূলধারার রাজনীতিতে এর আগে লুৎফুর রহমান টাওয়ার হ্যামলেটসের মেয়র নির্বাচিত হলেও তিনি স্বতন্ত্র বা নিজের দলের হয়ে জয়ী হয়েছিলেন। ফরহাদ হোসেনের এই জয় লেবার পার্টির মতো একটি প্রধান দলের হয়ে প্রথম কোনো বাংলাদেশির মেয়র নির্বাচিত হওয়ার নজির।
যুক্তরাজ্যের এই বরোতে বিশ্বের দুই শতাধিক ভাষাভাষী মানুষের বসবাস। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, নিউহামে প্রায় ৪০ থেকে ৫০ হাজার বাংলাদেশি বংশোদ্ভূত বাসিন্দা রয়েছেন, যা মোট জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ।
দীর্ঘদিন ধরেই এই বরো লেবার পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ১৯৬৫ সালে বরো প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কাউন্সিলটি কখনো লেবার পার্টির হাতছাড়া হয়নি।
প্রবাসী বাংলাদেশি পরিবারে জন্ম নেওয়া ফরহাদ হোসেনের পারিবারিক শিকড় সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজোড় ইউনিয়নে। তাঁর বাবা মোহাম্মদ জয়নাল আবেদীন ও মা নাজমা বেগম ১৯৬৫ সালে যুক্তরাজ্যে অভিবাসী হন।
লন্ডনে জন্ম নেওয়া ফরহাদ নিউহামে বেড়ে ওঠেন। স্থানীয় স্কুলে পড়াশোনা শেষে তিনি নিউহাম সিক্সথ ফর্ম কলেজ থেকে এ–লেভেল সম্পন্ন করেন এবং পরে ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
পেশাগত জীবনে তিনি শিক্ষকতা করেছেন, লন্ডন অলিম্পিক বিড টিমে কাজ করেছেন এবং সাত বছর এনএইচএসে প্রজেক্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যের বৃহৎ অবকাঠামো প্রকল্প লওয়ার থেমস ক্রসিং-এ কর্মরত আছেন। পাশাপাশি কমিউনিটি কার্যক্রম ও ক্রিকেট উন্নয়নেও সক্রিয় ভূমিকা রাখছেন।