আইভীর কারামুক্তিতে বাধা নেই
পোস্ট ডেস্ক :

হত্যার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানার দুই মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি নিয়ে আজ রবিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
এর ফলে ওই দুই মামলাসহ মোট ১২টি মামলায় আইভীর জামিন বহাল রয়েছে এবং তার কারামুক্তিতে এখন আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
আইভীর আইনজীবীরা জানান, সাবেক মেয়রের বিরুদ্ধে থাকা মোট ১২টি মামলার সব কটিতেই এখন জামিন বহাল রয়েছে। ফলে তার কারাগার থেকে মুক্তি পেতে আইনি কোনো জটিলতা রইল না।
এর আগে ১০টি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন সেলিনা হায়াৎ আইভী।
তবে এরপর সিদ্ধিরগঞ্জ থানার এই দুটি হত্যা মামলায় তাকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে একটি মামলায় গত ২ মার্চ এবং অপরটিতে ১২ এপ্রিল তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।




