অন্তর্বর্তী সরকার প্রশাসনের কর্মকাণ্ড তদন্তে ‘কমিশন’ গঠনের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ
পোস্ট ডেস্ক :

বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসনের যাবতীয় কর্মকাণ্ড খতিয়ে দেখতে ‘কমিশন অব ইনকোয়ারি’ বা তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেল ও ফাতেমার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন। তবে রিট খারিজের বিরুদ্ধে আপিল বিভাগে যাবে বলে জানিয়েছেন আইনজীবী মহসিন রশীদ।
এর আগে, গত ১৭ মে অন্তর্বর্তী সরকার প্রশাসনের কর্মকাণ্ড তদন্তে ‘কমিশন’ গঠনের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। এদিন রিটকারী আইনজীবী হিসেবে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যৈষ্ঠ আইনজীবী মহসিন রশীদ। সঙ্গে ছিলেন এম কে রহমান।
শুনানি শেষে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের রিটকারী মহসিন রশীদ বলেন, ‘‘আদালত তাদের পিটিশনটিকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিস্তারিত’ বলে মন্তব্য করেছেন।’’ অন্যদিকে এ বিষয়ে সরকারের অবস্থান জানাতে অ্যাটর্নি জেনারেল সময় চেয়েছেন।
এদিকে আইনজীবী এম কে রহমান বলেন, ‘‘আমরা শুধু একটি ‘কমিশন অব ইনকোয়ারি’ চেয়েছি। ইউনূস সাহেবের আমলে যা কিছু ঘটেছে, তার একটি সুষ্ঠু তদন্ত আমরা চাই।”




