ফেসবুকে এমপি হানজালা

ফেসবুকে এমপি হানজালা
চিড়িয়াখানায় আমি থাকব বাঘের সঙ্গে, রাশেদকে রাখব ‘ডোনাল্ড ট্রাম্প’-এর কাছে

Published: 21 June 2026

পোস্ট ডেস্ক :


মাদারীপুরের শিবচর উপজেলায় সম্প্রতি এক সালিস-বৈঠকে বিএনপির এক কর্মীকে ধমক দেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালা। এ আচরণের জেরে এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক মন্তব্য করে ফেসবুকে পোস্ট করেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা রাশেদ খান।

এবার এই মন্তব্য প্রতিক্রিয়ায় তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে রাশেদ খানকেও চিড়িয়াখানায় রাখায় রাখার দাবি জানান এমপি হানজালা।

আজ রবিবার দুপুর ১টা ৪০ মিনিটে দেওয়া পোস্টে এমপি সাইদ উদ্দিন আহমদ হানজালা এ কথা লেখেন। হানজালা বলেন, ‘রাশেদ খান আমাকে চিড়িয়াখানা দেখাতে নিতে চান। আমি তো যাবই, তবে থাকব বাঘের সাথে—বাঘ অন্তত নিজের পরিচয় নিয়ে বিভ্রান্ত না! আর রাশেদ খানকে রেখে আসব ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এক গরুর (মহিষ) পাশে।

দেখি, দুজন মিলে কতক্ষণ গল্প করতে পারে! চিড়িয়াখানার কর্তৃপক্ষকে শুধু একটা অনুরোধ—গরুটা (মহিষ) যেন পরে নাম পরিবর্তনের আবেদন না করে।’
এর আগে শনিবার দুপুর থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। প্রায় এক মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, সালিস-বৈঠকের এক পর্যায়ে সংসদ সদস্য হানজালা উত্তেজিত হয়ে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে উচ্চৈঃস্বরে কথা বলছেন।

এ সময় তাকে বলতে শোনা যায়, ‘কথা বললেন কেন? আপনারা এখানে কাউন্টার দিলেন কেন?’ এক পর্যায়ে টেবিল চাপড়ে তিনি বলেন, ‘ওই মিয়া চুপ করেন, চুপ করেন।

আমি আসছি বিচার করার জন্য। কাউন্টার দিলে আমি দেব।’
ভিডিওটি ভাইরাল হওয়ার পর শনিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এমপি হানজালার সমালোচনা করে একটি পোস্ট দেন রাশেদ খান। তিনি লেখেন, ‘এমপি হানজালারে চিড়িয়াখানায় রাখা হোক, যাতে চিড়িয়াখানার কাউন্টার থেকে সবাই এই অদ্ভুত প্রাণীটাকে টিকিট কেটে দেখতে পারে।’