পাবনায় বিএনপি নেতার ভাতিজাকে গুলি করে হত্যা, আটক ২

Published: 26 June 2026

পোস্ট ডেস্ক :


পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের পদ্মার চরে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপি নেতার ভাতিজা মঞ্জু শেখকে গুলি করে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) সকালে হত্যাকাণ্ডের পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাদের আটক করে মারধরের পর পুলিশের হাতে তুলে দেয়।

আটকরা হলেন ভাঁড়ারা ইউনিয়নের খাস চর বলরামপুর গ্রামের মজিদ প্রামাণিকের ছেলে জহুরুল ইসলাম (২৮) এবং চর মধুপুর গ্রামের মৃত ছমির খাঁর ছেলে জমির খাঁ (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের পদ্মার মধ্যচরের জোতকাকুরিয়া এলাকায় অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মঞ্জু শেখ। তিনি সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ এবং চর তারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ রহমত আলীর ভাতিজা।

ঘটনার পর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা জহুরুল ইসলাম ও জমির খাঁকে আটক করে মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধ জনতা তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রেজিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ওই দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। অনেকেই দাবি করছেন, তাঁরা ঘটনার সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন, মারধরের শিকার হওয়ায় আটক দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।