মোদির বাসভবনের সামনে থেকে সরিয়ে দেয়া হলো রাহুল-প্রিয়াঙ্কাকে
পোস্ট ডেস্ক :

ভারতের কেন্দ্রীয় সরকারের ওপর চাপ বাড়াতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে প্রধান বিরোধী দল কংগ্রেস। মঙ্গলবার (২১ জুলাই) কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে ও প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে দলের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল করেন। তবে সন্ধ্যার দিকে পুলিশ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ একাধিক বিরোধী নেতাকে সেখান থেকে সরিয়ে দেয়।
দলীয় সূত্রে জানা যায়, লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী রাতভর বিক্ষোভ চালিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু স্থানীয় সময় সন্ধ্যা প্রায় ৬টা ৪০ মিনিটে পুলিশ বিক্ষোভস্থল খালি করে দেয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এদিন রাহুল গান্ধী রাস্তার ওপর বসে অবস্থান নিলে তাকে ঘিরে ফেলেন অন্তত ১০ জন পুলিশ সদস্য। তিনি সরে যেতে অস্বীকৃতি জানালে পরে তাকে জোর করে একটি বাসে তুলে নিয়ে যাওয়া হয়।
এর আগে গতকাল সোমবার দেশটির ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) বা ‘তেলাপোকা’ আন্দোলন সংসদ অভিমুখে বিক্ষোভ করে।
বিক্ষোভ থেকে সরিয়ে নেয়ার আগে রাহুল গান্ধী সমর্থকদের মোদির বাসভবনের সামনে ধর্নায় যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর হামলা মানে প্রতিটি ভারতীয় পরিবারের ওপর হামলা। প্রধানমন্ত্রী মোদি মনে করেন, কোনো জবাবদিহি বা পরিণতি ছাড়াই তিনি পার পেয়ে যাবেন। এবার তা হবে না। যারা মনে করেন ভারতের শিক্ষার্থীরা ন্যায়বিচার পাওয়ার যোগ্য, তারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে আমাদের ধর্নায় যোগ দিন। শিক্ষার্থীদের কণ্ঠস্বর উপেক্ষা করা যাবে না।




